চাহিদা না পাওয়ায় প্রত্যাশিত হারে কর্মী যায়নি মালয়েশিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার কাছ থেকে আশানুরূপ চাহিদা না পাওয়ায় সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে সে দেশে প্রত্যাশিত হারে কর্মী পাঠানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম।
জাতীয় সংসদে গতকাল বুধবার সরকারি দলের মোয়াজ্জেম হোসেনের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, কর্মী পাঠানোর বিষয়ে নিয়োগকর্তাদের কাছ থেকে মালয়েশিয়া সরকারের মাধ্যমে আশানুরূপ চাহিদা পাওয়া যায়নি। যে কারণে সেখানে প্রত্যাশিত হারে কর্মী পাঠানো সম্ভব হয়নি। তবে গত অক্টোবরে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকে সম্পৃক্ত করে জিটুজি প্লাস প্রক্রিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে ঐকমত্য হয়েছে। ৮ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত খসড়া সমঝোতা স্মারক মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। আজ বৃহস্পতিবার দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা যায়। সেটি হলে আগামী তিন বছরে ১৫ লাখ কর্মী পাঠানো সম্ভব হবে।
বিকেল পৌনে পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।