চাহিদা মেটাতে শুল্কমুক্ত চিনি আমদানির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মাধ্যমে শুল্কমুক্তভাবে সাদা চিনি আমদানি করার জন্য শিল্প মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এই সুপারিশ করা হয়।সূত্র জানিয়েছে, কমিটির মতে, দেশে উৎপাদিত চিনি বাজারের চাহিদা মেটাতে সক্ষম নয়। এ কারণেই বাজার স্থিতিশীল রাখার জন্য শুল্কমুক্তভাবে বিদেশ থেকে চিনি আমদানির সুপারিশ করা হয়েছে।এ বিষয়ে গতকাল সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশবন্ধু চিনিকলের স্বত্বাধিকারী রপ্তানির নামে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) কাছ থেকে ছয় হাজার মেট্রিক টন চিনি কিনে তা খোলাবাজারে বিক্রি করেছে। কমিটি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। বৈঠকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) সম্পর্কে আলোচনা হয়। এ বিষয়ে জানানো হয়, বর্তমানে বিএসইসি পরিচালিত চালু নয়টি প্রতিষ্ঠানের মধ্যে সাতটি লাভজনক এবং দুটি পরিচালনাগত মুনাফা করেছে। বিএসইসি ২০০৯-১০ অর্থবছরে ৭১ দশমিক ৩৯ কোটি টাকা নিট মুনাফা করেছে।বৈঠকে কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের বন্ধ ডিস্টিলারি ইউনিটটি দ্রুত চালু করাসহ চার-পাঁচটি মিলকে রিফাইনারি করার সুপারিশ করা হয়। কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদার, মুহিবুর রহমান মানিক, এস এম আব্দুল মান্নান, মেরাজ উদ্দিন মোল্লা, আনোয়ারুল আশরাফ খান, আলী আজগার ও সুলতানা বুলবুল উপস্থিত ছিলেন।