ঢাকার বিতরণব্যবস্থা গ্রাহকের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের উপযোগী নয়। বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ যত বেশিই হোক না কেন, বিতরণব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ঢাকা অঞ্চলে প্রায় ৩৫০ মেগাওয়াট লোডশেডিং হবে।ঢাকা অঞ্চলে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা নিরূপণ এবং সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোর (ডিপিডিসি, ডেসকো ও আরইবি) সর্বোচ্চ বিতরণ ক্ষমতা পর্যবেক্ষণের মাধ্যমে এই প্রাথমিক হিসাব বের হয়েছে। গতকাল বুধবার সকাল ছয়টা থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ উন্মুক্ত করে দিয়ে এই পর্যবেক্ষণ করে।পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকা অঞ্চলে গতকাল বিদ্যুৎ সরবরাহে কোনো সীমা রাখা না হলেও দিনের সর্বোচ্চ চাহিদার সময় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সর্বোচ্চ সরবরাহ করতে পেরেছে এক হাজার ৫২ মেগাওয়াট। এ সময় ডিপিডিসির এলাকায় ১৪৪ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।ডিপিডিসির কাজলা, উলন, ধানমন্ডি, সাতমসজিদ, নারিন্দা, লালবাগ ও কামরাঙ্গীরচর উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে লোডশেডিং হয়েছে। ডিপিডিসির পরিচালক (অপারেশন্স) মিজানুর রহমান বলেন, এর মধ্যে লালবাগ ও নারিন্দায় দুটি বিতরণ উপকেন্দ্র তৈরির কাজ চলছে। আরও কয়েকটি এলাকায় নতুন উপকেন্দ্র তৈরির কার্যক্রম নেওয়া হয়েছে। গতকালের পর্যবেক্ষণে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) আওতাধীন এলাকায় দিনের বেলায় সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে ৭১০ মেগাওয়াট। এ সময় প্রায় ২০ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে।পর্যবেক্ষণ থেকে কর্তৃপক্ষ ধারণা করছে, সন্ধ্যাকালীন সর্বোচ্চ চাহিদার সময় ডিপিডিসির এলাকায় এক হাজার ৩০০ এবং ডেসকোর এলাকায় প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এ ছাড়া ঢাকা অঞ্চলভুক্ত এলাকায় পল্লী বিদ্যুতের (আরইবি) গ্রাহকদের সর্বোচ্চ চাহিদা প্রায় ৩০০ মেগাওয়াট। অর্থাৎ ঢাকা অঞ্চলে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দুই হাজার ৩৫০ মেগাওয়াট। কিন্তু বিদ্যমান বিতরণব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।বিতরণ কোম্পানিগুলোর সূত্র জানায়, প্রায় সব গ্রাহকই ক্রমান্বয়ে বিদ্যুতের ব্যবহার বাড়াতে থাকেন। কিন্তু নিয়ম অনুযায়ী বিদ্যুতের বরাদ্দ বৃদ্ধি (স্যাংশনড লোড) অনুমোদন করে নেন না। ফলে ব্যবহার কতটা বাড়ছে, তা বিতরণ কোম্পানিগুলো জানতে পারে না। কিন্তু প্রতিটি লাইনে ওই লাইনের ক্ষমতার চেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ হতে থাকে। এভাবে বিতরণ লাইন, ট্রান্সফরমার এবং উপকেন্দ্রগুলো পর্যন্ত ওভারলোডেড হয়ে একসময় বিকল হয়ে পড়ে।এই বিকল হওয়া ঠেকাতে ওভারলোডেড বিতরণ লাইনগুলোতে লোডশেডিং করা হয়। কোনো কোনো লাইনে ‘ক্যাপাসিটর ব্যাংক’ কিংবা ‘আন্ডারফ্রিকোয়েন্সি রিলে’ নামক যন্ত্র স্থাপন করা হয়। গ্রাহক লাইনের ক্ষমতার চেয়ে বেশি বিদ্যুৎ নিতে থাকলেই ওই যন্ত্রগুলো স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ বন্ধ করে দেয়। না হলে পুরো বিতরণব্যবস্থাতেই একসময় আগুন ধরে বিপর্যয় ঘটবে। গতকাল যেসব লাইনে লোডশেডিং হয়েছে, সেগুলোও এই শ্রেণীভুক্ত। এগুলো চিহ্নিত হওয়ায় এখন এসব লাইন, সংশ্লিষ্ট ট্রান্সফরমার ও উপকেন্দ্রের ক্ষমতা বাড়ানোর কার্যক্রম নিতে হবে। এই উদ্দেশ্যেই পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়।