চাহিদা মোতাবেক প্রবেশগম্যতা চাইলেন প্রতিবন্ধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সেবাদানকারী ভবনগুলোকে প্রবেশগম্য ভবন হিসেবে গড়ে তুলতে হবে। সরকারি নীতিমালা ও কার্যক্রমে বাংলা ইশারা ভাষার স্বীকৃতি এবং দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জন্য ব্রেইল ও বড় হরফের ডকুমেন্ট প্রিন্টিং বাধ্যতামূলক করতে হবে। প্রযুক্তি উন্নয়নের প্রতিটি ধাপে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষের চাহিদাকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

আজ বৃহস্পতিবার ‘প্রবেশগম্যতা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা এসব দাবি জানান। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতার দাবিতে আজ দেশে প্রথমবারের মতো বিশ্ব প্রবেশগম্যতা সচেতনতা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) এবং প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদের (পিএনএসপি) যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

পিএনএসপির সভাপতি এম ওসমান খালেদ সভায় সভাপতিত্ব করেন। বাক-শ্রবণ প্রতিবন্ধী এম ওসমান খালেদ এ দায়িত্ব পালন করেন একজন ইশারা ভাষায় দোভাষীর মাধ্যমে। তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধীদের জন্য চলাচলের ক্ষেত্রে প্রবেশগম্যতা তৈরি করতে হবে। আর বাক-শ্রবণ প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্যতা প্রয়োজন যোগাযোগে। মুঠোফোনে থ্রিজির মাধ্যমে এখন যেমন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা ইশারা ভাষায় কথা বলতে পারছেন তেমনি বিটিসিএলের মাধ্যমে যোগাযোগ আরও সহজ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় সাংসদ ও কবি কাজী রোজী আশ্বাস দিয়ে বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। ফলে দাবিগুলো ধীরে হলেও বাস্তবায়ন হবে।

ডিজেবিলিটি ইন্টারন্যাশনালের নির্বাহী বোর্ডের সদস্য মনসুর আহমেদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশগম্য পরিবেশ গড়ার দায়িত্ব সব মন্ত্রণালয়ের। এবার সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করে সামনের দিকে অগ্রসর হতে হবে।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিবন্ধী বিষয়টি দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বি-স্ক্যান ও পিএনএসপির সাধারণ সম্পাদক হুইল চেয়ার ব্যবহারকারী সালমা মাহবুব। প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব ব্যবস্থা নিশ্চিত হলে শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিবন্ধী মানুষ সামনে এগিয়ে যেতে পারবে। প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন, জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা এবং তথ্যপ্রযুক্তি নীতিমালা বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় মূল প্রবন্ধে।

সভায় জানানো হয়েছে, বিশ্বে ২০১২ সাল থেকে বিশ্ব প্রবেশগম্যতা সচেতনতা দিবসটি পালিত হচ্ছে। গত বছর মোট ১২টি দেশের বিভিন্ন শহরে এই দিবসটি উদ্‌যাপিত হয়েছে এবং এই বছর থেকে মে মাসের তৃতীয় বৃহস্পতিবার পালনের সিদ্ধান্ত হয়েছে।