প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুতের বড় প্রকল্পগুলো চালু হলে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজন হবে না। চাহিদা যতক্ষণ থাকবে, ততক্ষণ তা রাখতে হবে।
আওয়ামী লীগের সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘রেন্টাল, কুইক রেন্টাল নিয়ে এত কথা। যদি বলেন, তাহলে আজই বন্ধ করে দেব।’ ২০০৯ সালে আমরা ক্ষমতায় আসার পর দেখলাম বিদ্যুতের জন্য হাহাকার। তখন এমন সমস্যা ছিল যে তেল খরচ করে জেনারেটর চালিয়ে প্রতি ইউনিটে ৩০-৩৫ টাকা খরচ হতো। সংকট দ্রুত কাটিয়ে উঠতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দিকে সরকার মনোযোগী হয়।
শেখ হাসিনা বলেন, কুইক রেন্টাল কাজে লাগছে। লোডশেডিং কমে গেছে। সুখ পেলে মানুষ দুঃখের দিন ভুলে যায়। কিছু মানুষ আছে, সমস্যা হলে চিৎকার করবে। এসি চালিয়ে সরকারের সমালোচনা করবে। তিনি বলেন, ‘যদি কুইক রেন্টাল বন্ধ করে দেই, তাহলে অবস্থাটা কী দাঁড়াবে? সমস্যার সমাধান করলেই প্রশ্ন। জিইয়ে রাখলে কিছু হয় না।’ শেখ হাসিনা আরও বলেন, ‘কুইক রেন্টাল নিয়ে কেন এত কথা বুঝলাম না। হয়তো ব্যবসা চেয়েছিলেন। পাননি। তাই এত দুঃখ, জ্বালা।’
তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবকিছু নির্বাচন কমিশনের অধীনে থাকে। ভোটারদের নিরাপত্তা দিতে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের বিষয়ে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি দলের সিরাজুল আকবরের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সামরিক শাসকেরা যখন ক্ষমতা দখল করে, তখন অবৈধ ক্ষমতা বৈধ করার জন্য ভোট কারচুপি করে। বিএনপি একটা সামরিক স্বৈরাচারের দল। জামায়াত পাকিস্তানি হানাদারের দোসর। এ দুই দল এক হয়েছে। তাদের কারচুপির নমুনাও আমরা দেখেছি।’
আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘হারি-জিতি, এটা বড় কথা নয়। মানুষ ভোট দিতে পারছে কি না, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে কি না, গণতান্ত্রিক বিধিবিধান পালিত হচ্ছে কি না—তা-ই দেখার বিষয়। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।’
বিএনপিকে জনবিচ্ছিন্ন করা যায় কীভাবে, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের কর্মকাণ্ড জনগণ প্রত্যাখ্যান করলে তা সম্ভব হবে। আমরা জনগণের পাশে আছি। পূর্ণ সহায়তা থাকবে আমাদের। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা চালিয়ে যাব।’