চাহিদা ১০০, সরবরাহ ২২ মেগাওয়াট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদা প্রায় ১০০ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয় মাত্র ২২ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার প্রায় এক পঞ্চমাংশ বিদ্যুৎ মেলে। তার ওপর দিনে অন্তত তিন-চারবার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সুইচ বন্ধ করে দেওয়া হয়। উপকূলীয় জেলা নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিদ্যুৎ সরবরাহের চিত্র এটি। গত চার-পাঁচ মাস ধরে এই অবস্থা চলছে। ফলে প্রচণ্ড লোডশেডিংয়ে পিডিবি ও পল্লী বিদ্যুতের গ্রাহকদের অবস্থা কাহিল।নোয়াখালী শহর থেকে শুরু করে উপজেলা এবং গ্রামাঞ্চলে সবার মুখে এক কথা, লোডশেডিং। গত দুই মাসে গ্রাহকদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে জেলা সদরের দত্তেরহাট, কোম্পানীগঞ্জের সিরাজপুর, সোনাইমুড়ী, চাটখিল ও সেনবাগ উপজেলায়। এসব এলাকার পল্লী বিদ্যুৎ ও পিডিবির অভিযোগ কেন্দ্র, উপকেন্দ্র ও কার্যালয়ে ক্ষুব্ধ বিদ্যুতের গ্রাহকেরা একাধিকবার হামলা চালিয়েছেন। এতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। নোয়াখালী শহরের জেলা জামে মসজিদ মোড় থেকে হাসপাতাল রোড। এই এলাকাটি শহরের ব্যস্ততম একটি বাণিজ্যিক এলাকা। গত সোমবার সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয় মাত্র দুই-আড়াই ঘণ্টা।ওই এলাকার টাউন হল মোড়ের ব্যবসায়ী তাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে চরম লোডশেডিং। বিদ্যুৎ না থাকায় গরমে দোকানেও বসা যায় না।’ সেনবাগের জামালপুর গ্রামের গৃহিণী ফেরদৌস আক্তার বলেন, ‘চব্বিশ ঘণ্টার মধ্যে আমরা মাত্র তিন-চার ঘণ্টা বিদ্যুৎ পাই।’ প্রয়োজনের সময় কখনোই বিদ্যুৎ পাওয়া যায় না বলে অভিযোগ করেন তিনি। এর পরও মাস শেষে ন্যূনতম বিলের বোঝা বইতে হয় তাঁদের। সোনাইমুড়ী পৌর এলাকার ব্যবসায়ী খোকন মিয়া বলেন, ‘বিদ্যুতের কষ্ট বলে শেষ করা যাবে না। কারণ, লোডশেডিং অনেক বছর ধরেই চলছে। কিন্তু বর্তমান অবস্থার মতো এত খারাপ কখনো ছিল না। চব্বিশ ঘণ্টার ১৭-১৮ ঘণ্টাই লোডশেডিং।’পিডিবির গ্রিড সাবস্টেশন ও চৌমুহনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, বর্তমানে ওই গ্রিড সাবস্টেশনের আওতাধীন নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির মোট বিদ্যুতের চাহিদা অফপিক আওয়ারে ৭০ মেগাওয়াট এবং পিক আওয়ারে ১০০ মেগাওয়াট। এই চাহিদার বিপরীতে গত মঙ্গলবার জাতীয় গ্রিড থেকে সরবরাহ দেওয়া হয় মাত্র ২২ মেগাওয়াট। সোমবারেও প্রায় একই চিত্র ছিল। গত তিন-চার মাস ধরে ২২-৩০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বলে নিয়ন্ত্রণ কক্ষের সংশ্লিষ্টরা জানিয়েছেন। সুত্র জানায়, প্রাপ্ত বিদ্যুতের ২৫ ভাগ নোয়াখালী পিডিবি, ৩৬ ভাগ নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি এবং লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২৯ ভাগ ও পিডিবিকে ১০ ভাগ বিদ্যুৎ দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) এক কর্মকর্তা বলেন, ‘বিদ্যুতের বর্তমান করুণ পরিস্থিতি আমার চাকরি জীবনে দেখিনি। এ জন্য বিদ্যুৎ বিভাগের লোকেরাও অনেকাংশে দায়ী।’পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) সবুজ কান্তি আচার্য জানান, ৫৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে তাঁরা ১০-১২ মেগাওয়াট পান। তাও চব্বিশ ঘণ্টায় নয়।