টানা ১৩ দিন ধরে বাসায় ওয়াসার পানি পাচ্ছেন না চট্টগ্রামের নন্দনকানন এলাকার বৌদ্ধমন্দির সড়কের বাসিন্দা শাহীন আকতার। রান্না, গোসলসহ সংসারের যাবতীয় কাজ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তিনি। পাশের বাড়ির গভীর নলকূপ থেকে পানি এনে কোনো রকমে রান্নার কাজ চালাচ্ছেন। তাঁর প্রশ্ন, এভাবে আর কত দিন চলবে?
বৌদ্ধমন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরের সাগরিকা রোড এলাকার অবস্থা আরও খারাপ। সেখানে গত ১৫ দিন ধরে ওয়াসার পানি নেই। স্থানীয় বাসিন্দা মো. শামসুদ্দোহা ক্ষোভের সঙ্গে বলেন, ‘আগে তো রাত জেগে হলেও সপ্তাহে দুদিন পানি জমিয়ে রাখতে পারতাম। কিন্তু এখন নাওয়া-খাওয়ার পানি জোগাতেও হিমশিম খাচ্ছি।’
চট্টগ্রাম ওয়াসার উৎপাদন আর চাহিদার ফারাকই বলে দেবে পানির সমস্যায় কতটা ভুগছে মানুষ। গতকাল সোমবার ওয়াসা উৎপাদন করেছে ১৮ কোটি ৭০ লাখ লিটার। অপচয় বাদ দিয়ে সরবরাহ করেছে ১৭ কোটি ৩২ লাখ লিটার পানি। আর নগরে দিনে পানির চাহিদা ৫০ কোটি লিটার।
নন্দনকানন, সাগরিকা রোড, লাভলেইন, এনায়েতবাজারের বাটালি রোড, হালিশহর, মধ্যরামপুরসহ নগরের কয়েকটি স্থানের বাসিন্দারা দুই সপ্তাহ ধরে তীব্র পানি-সংকটে ভুগছেন। ভুক্তভোগীরা বলছেন, যাঁদের সামর্থ্য আছে, তাঁদের প্রায় সবাই যাঁর যাঁর মতো গভীর নলকূপ খুঁড়ে নিয়েছেন। কিন্তু যাঁরা ওয়াসার পানির ওপর নির্ভরশীল, ভুগতে হচ্ছে তাঁদের। পানি না পাওয়ায় এসব এলাকার বাসিন্দা অন্তত ৫০ থেকে ৬০ হাজার। চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় অনেক এলাকায় পানি-সংকট রয়েছে বলে স্বীকার করেছেন ওয়াসার কর্মকর্তারাও।
জানতে চাইলে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তপন দাশ বলেন, পানি না পেলে অনেকেই অভিযোগ করেন। তবে নন্দনকানন, সাগরিকা রোড বা এনায়েতবাজার এলাকা থেকে কোনো অভিযোগ আসেনি। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। সামনের বছর নতুন প্রকল্পের কাজ শেষ হলে পানি-সংকট অনেকটা কমে যাবে।
নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডেও দীর্ঘদিন ধরে চলছে পানির সংকট। এই ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের বসতি বেশি। ওয়ার্ডের প্রায় ৪০ হাজার মানুষ ওয়াসার পানি থেকে বঞ্চিত বলে জানান কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহ। এই ওয়ার্ডের জনসংখ্যা এক লাখের বেশি। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘এ এলাকার অনেক জায়গাতেই ওয়াসার মূল লাইন নেই। আমার নিজের বাসাতেও কত দিন ওয়াসার পানি আসে না তা মনে নেই। গভীর নলকূপের পানি ব্যবহার করছি। কিন্তু যাঁদের এ ব্যবস্থা নেই, তাঁদের খুব কষ্ট হচ্ছে। ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।’
মধ্যরামপুর এলাকার বাসিন্দা সেকান্দর সওদাগর জানান, মাসে চার থেকে পাঁচ দিনের বেশি তাঁরা পানি পাচ্ছেন না। ওয়াসায় অভিযোগ জানালে মাঝেমধ্যে পানি পাওয়া যায়।
ওয়াসার কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় অর্ধেক পানিও উৎপাদন করতে পারছে না ওয়াসা। দৈনিক ৫০ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ওয়াসার উৎপাদন ১৮ থেকে ১৯ কোটি লিটার। এর মধ্যে চট্টগ্রামের একমাত্র পানি শোধনাগার মোহরা থেকে আসে নয় কোটি লিটার। বাকি পানি ওয়াসার ৯৬টি গভীর নলকূপ থেকে উৎপাদন করা হয়।
ওয়াসার নির্বাহী প্রকৌশলী এ এইচ এম সাইফুল্লাহ বলেন, ‘আমরা অসহায়। চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় নগরের বিভিন্ন এলাকায় রেশনিং পদ্ধতিতে পানি সরবরাহ করা হচ্ছে। মূল লাইনের কাছে যাঁরা থাকেন, দেখা যায় তাঁরাই বেশির ভাগ পানি টেনে নেন। সে ক্ষেত্রে ভেতরের দিকের বাসিন্দারা অনেক সময় পানি কম পেয়ে থাকেন।’
ওয়াসা সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালের পর চট্টগ্রামে নতুন কোনো পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়িত হয়নি। বর্তমানে কর্ণফুলী পানি সরবরাহ নামের একটি নতুন প্রকল্প বাস্তবায়নের কাজ করছে ওয়াসা। প্রকল্পটি শেষ হলে আরও ১৪ কোটি লিটার পানি যোগ হবে। এ ছাড়া ওয়াসার অনুমোদন নিয়ে ব্যক্তিগতভাবে নগরে তিন হাজারের বেশি গভীর নলকূপ বসানো হয়েছে।
২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ বলেন, ‘ওয়াসা ঠিকমতো পানি দিতে পারে না। সে কারণে আমি নিজের উদ্যোগে এই ওয়ার্ডে চারটি গভীর নলকূপ বসিয়েছি। পুরোনো ওয়াসার লাইনগুলোতে পানি পাওয়া যায় না বলে আমার কাছেও অভিযোগ এসেছে।’