চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় রংপুর বিভাগের আট জেলায় দিন-রাতে লোডশেডিং হচ্ছে। কোথাও আধা ঘণ্টা, কোথাও এক ঘণ্টা, আবার কোথাও এরও বেশি সময় পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। দুদিন ধরে এ অবস্থা অব্যাহত রয়েছে।
সরবরাহ কম থাকার কারণে বিদ্যুৎ বিভাগকে দিন-রাতে লোডশেডিং করতে হচ্ছে বলে রংপুর বিদ্যুৎ বিতরণ বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্যুতের রংপুর বিভাগীয় আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা—এই আট জেলায় বিদ্যুতের চাহিদা রাতে প্রতিদিন গড়ে ৫১০ থেকে ৫৩০ মেগাওয়াট। দিনের বেলা এই চাহিদা ৪৫০ থেকে ৪৬০ মেগাওয়াট। কিন্তু গতকাল সোমবারসহ দুদিন ধরে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে দিনের বেলা ৩০০ মেগাওয়াট ও রাতে ৩৫০ থেকে ৩৬০ মেগাওয়াট। এর মধ্য থেকে পল্লী বিদ্যুৎকে দেওয়া হয়ে থাকে ৪০ শতাংশ বিদ্যুৎ।
এদিকে দিনে-রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপণবিতানসহ ব্যবসাপ্রতিষ্ঠানের নিজস্ব জেনারেটর দিয়ে বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে। এতে তাঁদের ব্যয় অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে ব্যবসায়ীরা জানান। সেই সঙ্গে অসহ্য গরমে জনগণের দুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সূত্র জানায়, এ বিভাগে হিমাগার রয়েছে ৬০টি, পাটকল ১৫টি, স্বয়ংক্রিয় চালকল ১২৫টি, হাসকিং মিল ২৩০টি, করাতকল ১২০টি, বিস্কুট কারখানা ২১০টি, সিরামিক কারখানা ৪টি, কারুপণ্য কারখানা ৫টিসহ ছোট-বড় কারখানা রয়েছে এক হাজারের বেশি। এ ছাড়া বিভাগে শুধু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবাসিক গ্রাহক আছেন প্রায় পাঁচ লাখ।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় ডিজেল ব্যবহার করে উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর দিয়ে হিমাগারসহ বড় বড় কারখানাগুলো সচল রাখতে হচ্ছে। এ ছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
রংপুরের পীরগাছা উপজেলার হোমল্যা-হিমাগারের স্বত্বাধিকারী মোছাদ্দেন হোসেন বলেন, লোডশেডিংয়ের কারণে উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর দিয়ে হিমাগার সচল রাখা হচ্ছে।
রংপুর নগরের রজনীগন্ধা বিপণিবিতানের অ্যানন গার্মেন্টসের স্বত্বাধিকারী কাজী মো. আদম বলেন, এমনিতেই অসহ্য গরম। তার ওপর ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া। দোকানে বসে থাকাই কষ্টকর।
রংপুর নগরের কাচারিবাজারে অবস্থিত একটি ফটোস্ট্যাস্ট দোকানের মালিক হিরা মিয়া বলেন, ‘আজ (গতকাল সোমবার) সকালে দোকান খোলার পর বেলা ১১টায় বিদ্যুৎ চলে যায়। আধা ঘণ্টা পর বিদ্যুৎ এলেও আবার চলে যায়। এমন করে দিন-রাতেই চলছে বিদ্যুতের যাওয়া-আসা।’
রংপুরে অবস্থিত আঞ্চলিক বিদ্যুৎ কার্যালয়ের প্রধান প্রকৌশলী শাহাদত হোসেন গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, রংপুর বিভাগে বর্তমানে প্রতিদিন রাতে ৫১০ থেকে ৫৩০ ও দিনে ৪৫০ থেকে ৪৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সেখানে বর্তমানে দিনে গড়ে ৩০০ মেগাওয়াট ও রাতে ৩৫০ থেকে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে দিন-রাতে লোডশেডিং করতে হচ্ছে।