চাহিদাপত্র কেনাবেচার কারণেই বাংলাদেশিদের সৌদি আরবে যাওয়ার খরচ বেড়ে যায়। কাজেই খরচ কমাতে হলে চাহিদাপত্র কেনাবেচা বন্ধ করতে হবে। যেসব প্রতিষ্ঠান এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
গতকাল বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মোতাইরির সৌজন্য সাক্ষাতে এ বিষয়গুলো উঠে আসে।
আলোচনা চলাকালে বাংলাদেশের পক্ষ থেকে ভিসা ইস্যুকরণ আরও দ্রুত করার দাবি জানানো হয়। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় বিলম্ব ও হয়রানির কথাও বলা হয় বাংলাদেশের পক্ষ থেকে। জবাবে সৌদি আরবের রাষ্ট্রদূত জানান, খুব শিগগির এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
এর আগে গতকাল সকালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীন ডিপ্লোম্যাসি ট্রেনিং প্রোগ্রামের (ডিটিপি) নির্বাহী পরিচালক প্যাট্রিক আর্ল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, দরিদ্র মানুষগুলো ভাগ্য বদলানোর আশায় বিদেশে কাজ করতে যান। কাজেই তাঁদের অধিকারগুলো যেন লঙ্ঘিত না হয়, সে জন্য মধ্যপ্রাচ্যসহ সর্বত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাজ করা উচিত।