চাহিদাপত্র কেনাবেচায় সৌদি আরবে যাওয়ার খরচ বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদাপত্র কেনাবেচার কারণেই সৌদি অরবে বাংলাদেশিদের যাওয়ার খরচ বেড়ে যায়। খরচ কমাতে হলে তাই চাহিদাপত্র কেনাবেচা বন্ধ করতে হবে। যেসব প্রতিষ্ঠান এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মোতাইরির সৌজন্য সাক্ষাতে বিষয়টি উঠে আসে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।

আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে ভিসা ইস্যুকরণ আরও দ্রুত করার দাবি জানানো হয়। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় বিলম্ব ও হয়রানির কথাও জানানো হয়। জবাবে সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, শিগগিরই এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সব সময় ভালো ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ থেকে সব খাতে কর্মী নেওয়া শুরু হওয়ায় তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি সরকারকে ধন্যবাদ জানান। মন্ত্রী এ সময় বাংলাদেশ থেকে আরও বেশি করে চিকিৎসক-প্রকৌশলীসহ দক্ষ কর্মী নিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বদরুল আরেফিন, যুগ্ম সচিব মো. মোশাররফ হোসেন ও মোহসিন চৌধুরী এবং সৌদি আরবের চিফ অব কনস্যুলেট ডিভিশনের কাউন্সেলর লিদ বক্‌স উপস্থিত ছিলেন।