চাহিদামতো ত্রাণ মিলছে না
পানি বাড়তে থাকায় বাড়ি ছেড়ে সাত দিন আগে কক্সবাজারের পেকুয়ার বাঘগুজারা বেড়িবাঁধে পরিবার নিয়ে আশ্রয় নেন ছেনুয়ারা বেগম। বাঁধের মেহেরনামা এলাকায় তাঁবু টানিয়ে থাকছেন তাঁরা। গতকাল শুক্রবার দুপুরে পাঁচ সদস্যের পরিবারের জন্য আধা কেজি চাল রান্না করেছেন তিনি। ত্রাণ না পাওয়ায় চরম দুর্দশায় দিন কাটছে তাঁর।
ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন ছেনুয়ারা বেগমের পাশের তাঁবুর সাজেদা বেগম, শরিফা খাতুন ও রুবি আকতার। ক্ষোভের সঙ্গে তাঁরা বলেন, ‘সাত দিন ধরে ঘরবাড়ি ছেড়ে বেড়িবাঁধে রয়েছি। কেউ ত্রাণ নিয়ে আসছেন না।’
পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ না পাওয়ায় নিজেদের অসন্তুষ্টির কথা জানান কক্সবাজার, নোয়াখালী, ফেনীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
এদিকে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার, নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে এসব এলাকার অনেক গ্রাম, সড়ক, বেড়িবাঁধসহ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। অপরিবর্তিত রয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি।
বান্দরবানে পাহাড়ধস ও বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ার পাশাপাশি একটি সেতু দেবে যাওয়ায় জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কক্সবাজার: ভারী বর্ষণ আর পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে কক্সবাজারের বন্যা পরিস্থিতি পুনরায় অবনতি ঘটেছে। বন্যার পানিতে বিলীন হচ্ছে একাধিক সড়ক, বেড়িবাঁধসহ হাজার হাজার ঘরবাড়ি। কক্সবাজার সদর, রামু ও উখিয়া উপজেলায় অন্তত তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল শুক্রবার বিকেলে জরুরি সভা ডেকে কক্সবাজারকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত লোকজনের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ প্রথম আলোকে জানান, গত জুন মাসে টানা নয় দিনের বন্যায় জেলায় প্রায় আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এরপর গত ২৫ জুলাই থেকে দ্বিতীয় দফার বন্যা ও ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে আরও অন্তত ১২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে প্রায় ২০ হাজার ঘরবাড়ি। নষ্ট হয়েছে সড়ক, বেড়িবাঁধ, ফসল, চিংড়ি ও মাছের খামার। কিন্তু চাহিদা অনুযায়ী সরকারি সাহায্য পাওয়া যাচ্ছে না। তাই কক্সবাজারকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানানো হয়েছে।
রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, উপজেলার ১১টি ইউনিয়নের দুই শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। পানিবন্দী জীবন কাটাচ্ছে প্রায় দেড় লাখ মানুষ। বন্যার পানিতে ‘রাজারকুল-চেইন্দা’ সড়ক, তেমুহনি-জাদিমুরা সড়কের বিভিন্ন অংশ বিলীন হচ্ছে।
উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম জানান, খাবার ও পানীয় জলের সংকট থাকায় ঘরে ঘরে হাহাকার চলছে।
রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, ইউনিয়নের দুই শতাধিক ঘরবাড়ি ও আটটি গ্রামীণ সড়ক ভেঙে যাচ্ছে।
কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম রহিম উল্লাহ জানান, ঘূর্ণিঝড় উপজেলার ১০টি ইউনিয়নের ১ লাখ ২০ হাজার মানুষ পানিবন্দী রয়েছে।
চকরিয়া: কক্সবাজারের পেকুয়ায় ত্রাণের জন্য হাহাকার চলছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য ৫০০ টন চালের চাহিদার বিপরীতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১৫ টন চাল।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ দাবি করেন, ‘অজ্ঞাত কারণে’ পেকুয়া উপজেলায় বরাদ্দ আসছে না।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান বলেন, ‘জেলা প্রশাসনের কাছে পাঁচ শ টন চাল বরাদ্দ চাওয়া হয়েছে, পেয়েছি মাত্র ১৫ টন। এই চাল ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। স্থানীয় সামর্থ্যবান লোকজন থেকে অর্থ সংগ্রহ করেও ত্রাণ দেওয়া হচ্ছে।’
কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, পেকুয়ার জন্য বরাদ্দ বাড়িয়ে দেওয়ার চেষ্টা থাকবে।
নোয়াখালী: জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার নয়টি উপজেলার ৯১টি ইউনিয়নের ৭৯টি ইউনিয়নেই এখন বন্যা পরিস্থিতি বিরাজ করছে বলে জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা শাহরুল ইসলাম মোহাম্মদ আবু হেনা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বন্যায় জেলার নয়টি উপজেলার ৪ লাখ ২৪ হাজার ৮০০ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২০ মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান জানান, তিনি জেলা প্রশাসনের কাছে থেকে এ পর্যন্ত ১১ মেট্রিক টন চাল এবং ২০ হাজার টাকা বরাদ্দ পেয়েছেন।
সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সরকারিভাবে এখনো পর্যাপ্ত ত্রাণ পাওয়া যাচ্ছে না। তিনি সেনবাগকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনুপম বড়ুয়া জানান, জেলা প্রশাসন থেকে প্রাথমিকভাবে ১২০ টন চাল ও দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।
ফেনী: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির জানান, অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার ৮৫ শতাংশ এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। এসব এলাকার আমনের বীজতলা, আউশ ধান ও সবজিখেত পানিতে ডুবে গেছে, ভেসে গেছে খামারের মাছ। হাজারো মানুষ এখনো পানিবন্দী রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে পানিবন্দী মানুষের জন্য আশ্রয়কেন্দ্রে স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, দাগনভূঞায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণ হিসেবে ৩০ মেট্রিক টন, ফেনী ও ফুলগাজী উপজেলার জন্য ১০ মেট্রিক টন করে মোট ৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সোনাগাজীর উপকূলীয় চর চান্দিয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন জানান, ইউনিয়নের বেশির ভাগ ধানখেত পানিতে তলিয়ে গেছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলী প্রামাণিক বলেন, ফুলগাজীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
বান্দরবান: পাহাড়ধস ও বন্যার পানিতে সড়ক বান্দরবান-চট্টগ্রাম সড়কের সুয়ালক এলাকায় একটি সেতু দেবে গেছে। এ কারণে জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বান্দরবানের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউছুপ জানান, পাহাড়ধসে জেলা সদরের সঙ্গে উপজেলার এবং সারা দেশের সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুয়ালকে দেবে যাওয়া সেতুর মেরামতের কাজ চলছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনসুরুর রহমান জানান, আশ্রয়কেন্দ্রের বন্যার্তদের জন্য ১০০ টন চাল ও তিন লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর আগে ৮০ টন চাল ও ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন জানান, বন্যায় প্রায় ২০০ একর বীজতলা, ২৫০ একর রোপা আমন ও ৩৫০ একর গ্রীষ্মকালীন সবজিখেত নষ্ট হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার; নোয়াখালী ও ফেনী অফিস; বান্দরবান ও চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি]