চাহিদার অর্ধেক ইউরিয়া সরবরাহ, বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমনের ভরা মৌসুমে টাকা দিয়েও চাহিদামতো ইউরিয়া সার কিনতে পারছেন না নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকার কৃষকেরা। উপজেলায় চাহিদার তুলনায় ওই সারের সরবরাহ অর্ধেক। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা।
কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে উপজেলার বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ডিলার ও খুচরা বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ইউরিয়া বিক্রি করছেন। বেশি দামে সার বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিংড়া কার্যালয় থেকে জানা গেছে, চলতি মৌসুমে চলনবিলের শুধু সিংড়া উপজেলায় ২৫ হাজার হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। বেশ কিছু জমিতে সবজির চাষ হয়েছে। সব মিলিয়ে উপজেলায় এ সময় পাঁচ হাজার মেট্রিক টন ইউরিয়া সারের প্রয়োজন। কিন্তু জুলাই ও আগস্ট মাসের জন্য উপজেলার ১৩ জন সরকার অনুমোদিত ডিলার বরাদ্দ পেয়েছেন মাত্র এক হাজার ৬৭৭ মেট্রিক টন। আগামী মাসে ৯১০ মেট্রিক টন সার বরাদ্দ পাওয়ার কথা রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অর্ধেক।
বামিহাল গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘আমি ৫৫ বিঘা জমিতে আমনের আবাদ করেছি। এখন আমার ২০ থেকে ২৫ বস্তা ইউরিয়া দরকার। অথচ আমাকে স্থানীয় ডিলার সার দিয়েছেন মাত্র পাঁচ বস্তা। বাকি সার না পেলে আমার অর্ধেকেরও বেশি ধান নষ্ট হয়ে যাবে।’
উপজেলায় বিসিআইসির সার ডিলার এম এফ মাহফুজুর রহমান বলেন, ‘কৃষকদের চাহিদামতো সার দিতে পারছি না সত্য। তবে যতটুকু দিতে পারছি, তাতে দাম বেশি নিচ্ছি না। কেউ কেউ অন্য জেলা থেকে সার এনে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করছেন বলে শুনেছি। তাঁদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।’
আবদুল জলিল নামের অপর এক ডিলার বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে এবার আমনের আবাদ বেশি হয়েছে। তাই কৃষি বিভাগ থেকে দেওয়া চাহিদার বিপরীতে যে পরিমাণ সার তাঁরা পেয়েছেন, তা দিয়ে কৃষকের চাহিদা মেটানো যাচ্ছে না। এটাকে কৃত্রিম সংকট বলা যাবে না। তবে খুচরা ব্যবসায়ীদের কেউ কেউ সার ঘরে রেখে কিছু বেশি দামে বিক্রি করতে পারেন। তাঁদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে পারে।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, লক্ষ্যমাত্রার তুলনায় এবার পাঁচ হাজার হেক্টর বেশি জমিতে আমনের চাষ হয়েছে। এ কারণে সারের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকদের মধ্যে কিছুটা অস্থিরতার সৃষ্টি হয়েছে। তবে সেপ্টেম্বর মাসের সার ডিলারদের কাছে চলে এলে সংকট কেটে যাবে। তা ছাড়া চাহিদা সংশোধন করে অতিরিক্ত ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ চাওয়া হয়েছে।