চাহিদার অর্ধেক গ্যাস পাচ্ছে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির সেমুতাং ক্ষেত্র থেকে গ্যাস পাওয়ার পর জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ আবার কমে গেছে। গতকাল বুধবার চট্টগ্রামে গ্যাসের সরবরাহ ছিল ১৯৫ মিলিয়ন ঘনফুট। ১৯৯৪ সালের পর চট্টগ্রামে এটাই সর্বনিম্ন গ্যাস সরবরাহের ঘটনা। চট্টগ্রামে গ্যাসের চাহিদা গড়ে ৪০০ মিলিয়ন ঘনফুট।এদিকে সংস্কারের জন্য সাগরবক্ষের একমাত্র গ্যাসক্ষেত্র সাঙ্গুর উৎপাদন গত ২০ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে। চার দিন পর সেটি চালু করার কথা থাকলেও গতকাল পর্যন্ত তা চালু করা সম্ভব হয়নি। সাঙ্গুর স্বত্বাধিকারী বহুজাতিক প্রতিষ্ঠান সান্তোসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্যাসক্ষেত্রটি নতুন করে কবে নাগাদ চালু করা সম্ভব, তা দু-এক দিনের মধ্যে জানা যাবে।কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) সূত্রে জানা গেছে, গতকাল জাতীয় গ্রিড থেকে ১৯৫ মিলিয়ন এবং সেমুতাং থেকে ১৫ মিলিয়ন ঘনফুট মিলে চট্টগ্রামে মোট সরবরাহ ছিল ২১০ মিলিয়ন ঘনফুট গ্যাস। অথচ এখানকার চাহিদা ৪০০ মিলিয়ন ঘনফুটের বেশি হওয়ায় শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের চাপ কমে গেছে।নাম প্রকাশ না করার শর্তে কেজিডিসিএলের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ করা হয় মূলত কুমিল্লার বাখরাবাদ থেকে। কিন্তু সেখান থেকে চট্টগ্রামের চেয়ে নারায়ণগঞ্জ বা অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহের ক্ষেত্রে জাতীয় গ্রিডের কিছু কর্মকর্তার উৎসাহ বেশি। এর ফলে ভাটি অঞ্চলে অবস্থিত চট্টগ্রামে গ্যাসের চাপ কমে যায়।জানা গেছে, চট্টগ্রামে গ্যাসের স্বল্পতা সত্ত্বেও গত শুক্রবার থেকে চালু করা হয়েছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল)। বোরো মৌসুমে ইউরিয়া সারের প্রয়োজনের কথা মাথায় রেখে বাসাবাড়িসহ বিভিন্ন শিল্পকারখানায় গ্যাসের স্বল্পতা সত্ত্বেও সিইউএফএল চালু করা হয়েছে বলে কারখানার কর্মকর্তারা জানান। এখানে প্রতিদিন গড়ে এক হাজার ৬০০ টন ইউরিয়া সার উৎপাদনের কথা।সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান খান প্রথম আলোকে জানান, কারখানাটি বর্তমানে ৯০ শতাংশ সচল রয়েছে। এতে গড়ে দেড় হাজার টন ইউরিয়া উৎপাদন হচ্ছে। এ জন্য গ্যাস নেওয়া হচ্ছে ৪৮ মিলিয়ন ঘনফুট।গত ৪ ডিসেম্বর থেকে খাগড়াছড়ির সেমুতাংয়ের গ্যাস চট্টগ্রামে সরবরাহ শুরু হয়। শুরুতে ১৮ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হলেও বর্তমানে তা গড়ে ১৫ থেকে ১৬ মিলিয়ন ঘনফুটের মধ্যে ওঠানামা করছে।