বরিশাল নগরে বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। চাহিদার তুলনায় অর্ধেকের কিছু বেশি পানি সরবরাহ করতে পারছে সিটি করপোরেশন। পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপেও পানি পাচ্ছে না নগরবাসী। এতে প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে পড়েছে তারা।
নগরবাসীর অভিযোগ, গরম বাড়ার সঙ্গে সঙ্গে করপোরেশনের পানি সরবরাহ কমে গেছে। নিজস্ব উদ্যোগে গভীর নলকূপ স্থাপন করেও কাজ হচ্ছে না। দিনের বেলা নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। যারা নলকূপের মধ্যে অধিক ক্ষমতাসম্পন্ন পাম্প (সাব-মার্সিবল) স্থাপন করেছে, তারাই পানি পাচ্ছে।
সিটি করপোরেশনের পানি বিভাগ সূত্র জানায়, নগরের জন্য প্রতিদিন ৪ কোটি ৫০ লাখ লিটার পানির প্রয়োজন। পানি বিভাগ মাত্র ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার লিটার পানি সরবরাহ করতে পারছে। অর্থাৎ ১ কোটি ৯৩ লাখ ৫০ হাজার লিটার পানির সংকট রয়েছে। ২০১৫ সালের হিসাব অনুযায়ী ২ হাজার ১১০টি গভীর নলকূপ স্থাপন করা আছে। হিসাবের বাইরে রয়েছে আরও পাঁচ থেকে ছয় হাজার অতিরিক্ত নলকূপ।
গত মঙ্গলবার ও গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, সদর রোড, হাসপাতাল রোড, কালীবাড়ি রোড, নতুন বাজার, গোরস্থান রোড, স্ব-রোড, নথুল্লাবাদ, রূপাতলী, বটতলা, আলেকান্দা, বগুড়া রোডসহ অধিকাংশ এলাকার বাড়ির গভীর নলকূপ থেকে দিনের বেলা পানি ওঠে না। তারপরও ভূগর্ভস্থ পানির ওপরই নির্ভর করতে হচ্ছে।
নতুনবাজার এলাকার বাসিন্দা অনিরুদ্ধ সরকার বলেন, ‘আমাদের এই এলাকায় ১০০ হাতের মধ্যে পাঁচটা গভীর নলকূপ রয়েছে। গরম পড়ার সঙ্গে সঙ্গে দিনের বেলা পানি পাচ্ছি না। রাতের জন্য অপেক্ষা করতে হয়। রাত নয়টা থেকে ভোররাত পর্যন্ত কিছু পানি পাওয়া যায়।’
কালীবাড়ি রোডে বসবাস করেন ব্রজমোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান। তিনি বলেন, বিদ্যালয়ে দুটি গভীর নলকূপের একটিতেও দিনে পানি পাওয়া যায় না। শিক্ষার্থীরা চরম দুর্ভোগে রয়েছে। বাধ্য হয়ে নতুন একটি নলকূপ স্থাপন করে তার মধ্যে সাব-মার্সিবল পাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সদর রোডের বাসিন্দা মো. হাফিজুর রহমান বলেন, করপোরেশনের পানি তেমন পাওয়া যায় না। আবার করপোরেশনের পাম্প চললে এলাকার কোনো নলকূপ থেকেই পানি ওঠে না। অনেক সময় গোসল-টয়লেটেরও পানি পাওয়া যায় না।
স্ব-রোড এলাকার পিন্টু দাস জানান, ভোররাতে উঠে পানি রাখতে হয়। তা দিয়েই সারা দিন কাজ চালাতে হয়।
যোগাযোগ করলে সিটি করপোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, একদিকে পানির স্তর নেমে যাওয়ায় সাধারণ নলকূপ ব্যবহারকারীদের সমস্যা হচ্ছে, তার ওপর সিটি করপোরেশনের অধিক ক্ষমতাসম্পন্ন ৩২টি পাম্প চলার কারণে সমস্যা আরও তীব্র হচ্ছে। পানি শোধনাগারের কাজ সম্পূর্ণ হলেও সেটা চালু করা হচ্ছে না। এ কারণে পানির সমস্যা কমছে না।
এ বিষয়ে সিটি করপোরেশনের পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুল আলম বলেন, পানির সমস্যা সমাধানে দুটি শোধনাগার স্থাপন করা হলেও বিদ্যুৎ-সংযোগ না দেওয়ায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। ওই শোধনাগার দুটি চালু করতে পারলে সমস্যা থাকবে না।
মনিরুল আলম আরও বলেন, অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে পানির স্তর নেমে গেছে। চার লাখ জনসংখ্যার জন্য চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে না পারায় অবৈধ নলকূপের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না।