
সিলেট নগরে প্রতিদিন পানির চাহিদা ৮ কোটি লিটার। এর বিপরীতে নগরবাসী যে পানি পান, তাতে ঘাটতি থেকে যায় প্রায় অর্ধেক। রমজান মাসে পানির চাহিদা আরও বেড়ে যাওয়ায় পানি উত্তোলনের পাম্পগুলো সার্বক্ষণিক চালু রেখেও সমস্যার সমাধান হচ্ছে না। এ অবস্থায় আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষের।
জনপ্রতিনিধি, নগরের বাসিন্দা ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিলেট নগরে ওয়ার্ড আছে ২৭টি। বাসিন্দা প্রায় ১০ লাখ। ২০০২ সালে সিটি করপোরেশন গঠিত হওয়ার পর দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড সিটি করপোরেশনের এলাকাভুক্ত হয়। এ ওয়ার্ডগুলোতে প্রায় ৩ লাখ মানুষের বসবাস। কিন্তু আজও এ ৩টি ওয়ার্ডে সিটি করপোরেশন পানি সরবরাহ করতে পারেনি। তবে ওয়ার্ড কর্তৃপক্ষ ৫০টি গভীর নলকূপ বসিয়ে দিয়েছে। এর বাইরে ব্যক্তি উদ্যোগে অগভীর নলকূপ স্থাপনের পাশাপাশি পাশের সুরমা নদী থেকে পানি উত্তোলন করে নিজেদের প্রয়োজন মেটাচ্ছেন সেখানকার বাসিন্দারা।
এ ৩টি ওয়ার্ড ছাড়াও বাকি ২৪টিতে পানির সংকট কমবেশি রয়েছে। এর মধ্যে লন্ডনিরোড, নেহারপাড়া, আম্বরখানা, সুবিদবাজার, পাঠানটুলা, মদিনা মার্কেট, কালীবাড়ি, কাজীটোলা, বারুতখানা, হাওয়াপাড়া, নয়াসড়ক, রায়নগর, যতরপুর, মীরাবাজার, শিবগঞ্জ, সোনারপাড়া, দাড়িয়াপাড়া, বাগবাড়ি, জামতলা, শেখঘাট, বিলপাড়, লামাবাজার, সেনপাড়া এলাকা উল্লেখযোগ্য।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পানি শাখা) আলী আকবর বলেন, নগরবাসীর পানির চাহিদা পূরণে সম্প্রতি নগরের কুশিঘাট এলাকায় ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ প্রকল্পের কাজ প্রায় শেষ হয়েছে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে এ প্ল্যান্টটি চালু করা হয়েছে। এর মাধ্যমে ১৫ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায় পানিও সরবরাহ করা হচ্ছে। এটি চালু হলে নগরে দৈনিক আরও ২ কোটি ৮০ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। তবে পানির সরবরাহ আগের যেকোনো সময়ের তুলনায় এখন সহনীয় পর্যায়ে রয়েছে বলে তিনি দাবি করেন।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ পানির সংকটের বিষয়টি স্বীকার করে জানিয়েছে, সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত রুটিন অনুযায়ী একেক এলাকায় একেক সময় পর্যায়ক্রমে পানি সরবরাহ করা হয়। করপোরেশনের পানি শাখার হিসাব অনুযায়ী, ৪০টি পাম্পের সাহায্যে পানি উত্তোলন করে তা নগরবাসীর কাছে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে। তবে মাঝেমধ্যে পাম্পগুলো বিকল হয়ে গেলে পানি সরবরাহ বিঘ্নিত হয়। এ ছাড়া রমজান মাসে নাগরিকদের ভোগান্তি দূর করতে দুপুরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ ট্যাংকের সাহায্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে।
নগরের যতরপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব। তিনি জানান, এ এলাকায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ রাত ১২টার দিকে পানি সরবরাহ করে। মধ্যরাতে পানি সরবরাহ করায় অনেককে জেগে থাকতে হয়।
গতকাল বুধবার সকাল ৮টায় নগরের রায়নগর এলাকায় এক বাসায় গিয়ে সরেজমিনে দেখা গেছে, সেখানে বাড়ির গৃহিণী রাবেয়া আক্তার বাড়ির উঠোনে বসে ইফতারি প্রস্তুত করার জন্য সবজি কাটছেন। তবে পানির অভাবে সেই সবজি ধুতে পারছেন না। রাবেয়া জানান, পানি কখন আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই সবজি কেটেকুটে প্রস্তুত করে রাখছেন।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘সিটি করপোরেশন যে পানি সরবরাহ করে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অর্ধেক। তবে এর বাইরে ব্যক্তিগত উদ্যোগেও নগরবাসী গভীর ও অগভীর নলকূপ স্থাপন করে পানি উত্তোলন করে পানির চাহিদা মেটাচ্ছেন। এর বাইরে নগরের কুশিঘাটে স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি পরিপূর্ণভাবে চালু হলে পানির সংকট অনেকটাই দূর হবে।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘নগরবাসীর পানির চাহিদা পূরণ করতে বিমানবন্দর এলাকায় আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করার পরিকল্পনা চলছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে দৈনিক অন্তত ৩ লাখ লিটার পানি উত্তোলন করা সম্ভব হবে। এ ছাড়া পানির সংকট দূর করতে সম্প্রতি নগরের টিলাগড় ও রিকাবীবাজার এলাকায় ২টি নলকূপস্থাপন করা হয়েছে।’