চাহিদার অর্ধেক পানিও মিলছে না, তবু নতুন সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। চাহিদার তুলনায় মাত্র অর্ধেক পানিও সরবরাহ করতে পারছে না সিটি করপোরেশন। তারপরও বন্ধ হচ্ছে না সংযোগ-বাণিজ্য।
নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশনের কিছু প্রকৌশলী ও কর্মকর্তার যোগসাজশে টাকার বিনিময়ে নতুন সংযোগ দেওয়া হচ্ছে। করপোরেশনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও বিষয়টি স্বীকার করেছেন। এর ফলে দিন দিন নগরে পানির সংকট বেড়ে চলেছে।
সিটি করপোরেশনের পানি শাখা থেকে জানা যায়, নগরের জন্য প্রতিদিন ৪ কোটি ৫০ লাখ লিটার পানির প্রয়োজন। কিন্তু পানি বিভাগ সরবরাহ করতে পারছে মাত্র ১ কোটি ৮৫ লাখ ৯২ হাজার লিটার। প্রতিদিন ২ কোটি ৬৪ লাখ লিটার পানি ঘাটতি থাকছে। গত বছর নগরে মোট পানির সংযোগ ছিল ১৬ হাজার ১৬৩টি। এ বছর মে মাস পর্যন্ত নতুন পানির সংযোগ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৭টি। পাঁচ মাসে ৯০৪টি অতিরিক্ত সংযোগ দেওয়া হয়েছে।
করপোরেশনের পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, নতুন সংযোগ বাবদ গ্রাহকের কাছ থেকে পৌনে ১ ইঞ্চি লাইনের জন্য সাড়ে ৭ হাজার টাকা এবং ১ ইঞ্চি ব্যাসের সংযোগের জন্য ১৪ হাজার টাকা নেওয়া হচ্ছে। তবে পানি শাখার এক কর্মী বলেন, পৌনে ১ ইঞ্চি লাইনের জন্য করপোরেশনে একজন গ্রাহক জমা দেন ৬ হাজার ৯০০ এবং ১ ইঞ্চির জন্য ১৩ হাজার ৮০০ টাকা। কিন্তু আদায় করা হচ্ছে ১০ থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত। সংযোগের অন্যান্য মালামাল গ্রাহককেই কিনতে হয়। শুধু ২০০ টাকার একটি ক্লাম করপোরেশন থেকে দেওয়া হয়। অতিরিক্ত টাকার ভাগ পান কর্মকর্তারা।
নগরের শ্রীনাত চ্যাটার্জি লেনের বাসিন্দা সোনিয়া আল আকসার অভিযোগ, তাঁরা কয়েক দিন আগে পৌনে ১ ইঞ্চি ব্যাসের একটি সংযোগ নিয়েছেন। তাতে ১০ হাজার টাকা দিতে হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯০০ টাকার রসিদ পেয়েছেন। বাকি তিন হাজার টাকা অতিরিক্ত দিতে হয়েছে। একই অভিযোগ করেছেন নতুন বাজার এলাকার হাবিবুর রহমান, আমানতগঞ্জের হারুন অর রশীদ, আলেকান্দার হুমায়ুন কবিরসহ আরও অনেকে।
কালিবাড়ি সড়কের বাসিন্দা আজমল হোসেন বলেন, নগরে পানির চাহিদা বাড়লেও করপোরেশন অতিরিক্ত এক লিটার পানিও জোগান দিতে পারছে না। অথচ একটার পর একটা নতুন সংযোগ দিয়ে চলেছে। তিনি বলেন, ‘পানি শোধন করে সরবরাহ করার কথা শুনে আসছি বহু বছর ধরে। বাস্তবে কোনো কিছুই হচ্ছে না। পানির স্তর নেমে যাওয়ায় যাঁদের গভীর নলকূপ আছে, তাঁরাও পানি পাচ্ছেন না। সব মিলিয়ে বিশুদ্ধ পানির সংকট যাচ্ছে না।’
এসব বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুল আলম প্রথম আলোকে বলেন, প্রতিবছর কিছু নতুন সংযোগ দেওয়া হচ্ছে, এটা ঠিক। কিন্তু সেই সংযোগ বাবদ অতিরিক্ত অর্থ আদায় ও ভাগ-বাঁটোয়ারার অভিযোগ ঠিক নয়। করপোরেশনে জমা দেওয়ার পর ক্লাম কেনার জন্য এক হাজার টাকা অতিরিক্ত নেওয়া হয়। এর বাইরে কোনো টাকা নেওয়া হয় না।
নির্বাহী প্রকৌশলী মনিরুল আলম বলেন, সিটি করপোরেশনের বর্ধিত অনেক এলাকায় পানির সংযোগ দেওয়া সম্ভব হয়নি। সে কারণে নতুন সংযোগ নেওয়া গ্রাহকেরা কিছুটা পানি পাচ্ছেন। তবে পানির সংকট সমাধানে দুটি পানি শোধনাগার স্থাপন করা হলেও বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় সেগুলো চালু করা যাচ্ছে না। ওই শোধনাগার দুটি চালু করতে পারলে সমস্যা থাকবে না।