শরীয়তপুর জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ১ লাখ ৬০ হাজার গ্রাহক রয়েছে। তাদের জন্য ৩৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এখন সরবরাহ পাওয়া যায় ১৬ থেকে ১৮ মেগাওয়াট। তার মধ্য থেকে পদ্মা সেতু প্রকল্পের কাজে ব্যবহার করা হচ্ছে ৩ থেকে ৪ মেগাওয়াট। দিনে-রাতে ২৪ ঘণ্টায় গ্রাহকেরা ৫ হতে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে। লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎনির্ভর ব্যবসাপ্রতিষ্ঠান লোকসানের মুখে পড়েছে।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, জেলায় পল্লী বিদ্যুতের চাহিদা রয়েছে ৩৮ মেগাওয়াট। প্রতিদিন পাওয়া যাচ্ছে ১৬ থেকে ১৮ মেগাওয়াট। এ বিদ্যুৎ ব্যবহার করছেন শরীয়তপুরের ছয়টি উপজেলার ১ লাখ ৬০ হাজার গ্রাহক। প্রতি দিন ও রাতে গড়ে ১৮ থেকে ১৯ ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে। লোডশেডিংয়ের কারণে অসহনীয় যন্ত্রণা পোহাতে হচ্ছে গ্রাহকদের।
লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎনির্ভর ব্যবসা বরফকল, করাতকল, ওয়ার্কশপ, চালকল, স্টিলের ফার্নিচারসহ বেশ কিছু ব্যবসা লোকসানের মুখে পড়েছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বন্দরের একটি বরফকলের মালিক আরশেদ আলী ছৈয়াল। তাঁর বরফকলে প্রতিদিন ১২৪টি বরফখণ্ড উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত বরফ স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা ব্যবহার করেন। একটি বরফখণ্ড জমাট বাঁধতে ধারাবাহিকভাবে ছয় ঘণ্টা বিদ্যুতের প্রয়োজন। কিন্তু গত ফেব্রুয়ারি মাস থেকে তিনি নিয়মিত বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন না। চার মাস যাবৎ তাঁর বরফকলে লোকসান গুনতে হচ্ছে।
আরশেদ আলী প্রথম আলোকে বলেন, ‘এখন ব্যবসার ভরা মৌসুম, কিন্তু বিদ্যুতের কারণে লোকসানে পড়েছি। বসিয়ে বসিয়ে শ্রমিকের বেতন, ভ্যাট, ট্যাক্স, ঘরভাড়া ও বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। এভাবে আর কত দিন লোকসান গুনতে হবে?’
নড়িয়া উপজেলার মৎস্য ব্যবসায়ী জয়ন্ত দাস বলেন, ‘আমরা মাছের খামার থেকে মাছ ধরে বিক্রির জন্য ঢাকার বাজারে পাঠাই। তখন বরফ প্রয়োজন হয়। চার মাস যাবৎ লোডশেডিংয়ের কারণে বরফ উৎপাদন কমে গেছে। বরফ না পেয়ে ঢাকার বাজারে মাছ পাঠাতে পারছি না। এখন ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা সদরের করাতকলের মালিক বেলায়েত হোসেন বলেন, ‘দিনে-রাতে মিলে ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পাই। বিদ্যুৎ এলে ৪০ হতে ৫০ মিনিট স্থায়ী হয়। তখন কিছু কাজ করি, আবার বিদ্যুতের জন্য অপেক্ষা করতে হয়। ৮ জন শ্রমিকের বেতন ও অন্যান্য খরচ বাবদ প্রতি মাসে ৪০ হাজার টাকা লোকসান হচ্ছে। এভাবে একটি ব্যবসা চালানো যায় না। পল্লী বিদ্যুৎ প্রতি মাসে আমাদের কাছ থেকে মিটার ভাড়া, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, ভ্যাট নিচ্ছে। আবার ট্রান্সমিটার, লাইনের তার ও মিটার নষ্ট হলে আমাদেরই মেরামতের খরচ দিতে হয়।’
ডামুড্যা উপজেলা সদরের একটি স্টিলের ফার্নিচারের কারখানা ও ওয়ার্কশপের মালিক চৌধুরী রেজাউর রহমান বলেন, ‘বিদ্যুতের কারণে আমার ব্যবসাপ্রতিষ্ঠানটি নষ্ট হয়ে যাচ্ছে। আমার কারখানায় ছয়জন শ্রমিক কাজ করেন। তাঁদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। প্রতি মাসে ৭০-৮০ হাজার টাকা লোকসান হচ্ছে। এভাবে কত দিন টিকতে পারব?’
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সোহরাব আলী বিশ্বাস বলেন, চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ার কারণে কিছু সময় লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করার জন্য ৩৩ কেভির আরেকটি সঞ্চালন লাইনের কাজ শিগগির সম্পন্ন হবে। তখন সমস্যা কিছুটা কমে যাবে।