চাহিদার অর্ধেকও বরাদ্দ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফার গুদামে সারের মজুদ সর্বনিম্ন পর্যায়ে। কৃষি বিভাগের দেওয়া চাহিদার বিপরীতে সরকারি বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। জমাট বেঁধে গেছে চীন থেকে আমদানি করা ইউরিয়া। সব মিলিয়ে চলতি বোরো মৌসুমে দিনাজপুরে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের তীব্র সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় মোট এক লাখ ৮১ হাজার ৫৪৫ হেক্টর জমিতে বোরো রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) কাছে ৮৪ হাজার ১৫৮ টন ইউরিয়া, ২৩ হাজার ৩৬৩ টন টিএসপি, ৪০ হাজার ৫৮৮ টন এমওপি সারের চাহিদা পাঠানো হয়। কিন্তু বিসিআইসি ৬০ হাজার ৫৬২ টন ইউরিয়া, ১৩ হাজার ৩৬২ টন টিএসপি ও আট হাজার ৪৩৭ টন এমওপি বরাদ্দ দিয়েছে, যা চাহিদার প্রায় অর্ধেক।দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর জেলা সার মনিটরিং কমিটির সভায় জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. মোসাদ্দেক হোসেন জানান, বাফার গুদামে ইউরিয়া সারের মজুদ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। আর মজুদ সারের ৭৫ শতাংশ চীন থেকে আমদানি করা ও জমাটবাঁধা। কৃষকেরা এই সার ব্যবহার করতে চান না।দিনাজপুর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি সুজা-উর-রব জানান, ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে গত ৯ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে বিসিআইসির চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী মোটা দানা ইউরিয়া সার সরবরাহের অনুরোধ জানানো হয়। কিন্তু এক মাসেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, বিসিআইসির ডিলাররা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। আবার বিক্রি করতে হয় সরকারের নির্ধারিত দামে। এতে ডিলাররা মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন।দিনাজপুরের বিসিআইসির ডিলাররা অভিযোগ করেন, সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯-এর আলোকে সরকার প্রতিটি ইউনিয়নে নয়জন করে খুচরা সার ব্যবসায়ী নিয়োগ দিয়েছে। তাঁদের বেশির ভাগেরই সার ব্যবসার কোনো অভিজ্ঞতা নেই। পক্ষান্তরে, দীর্ঘদিন ধরে যেসব খুচরা বিক্রেতা ডিলারদের কাছ থেকে সার নিয়ে কৃষকদের কাছে সরবরাহ করে আসছিলেন, তাঁদের সরকারি বিক্রয় লাইসেন্স দেওয়া হয়নি।দিনাজপুরে বাফার গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা ইউরিয়া সারের মজুদ কম থাকার কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে ৮ ডিসেম্বর বিসিআইসির চেয়ারম্যানের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। মজুদ ও নিম্নমানের চীনা সার ব্যবহারে কৃষকদের অনীহার ব্যাপারে ডিলারদের বক্তব্যের সঙ্গে তিনি একমত পোষণ করেন।এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গুদামে মজুদ যে পরিমাণই থাকুক না কেন, চাহিদা অনুযায়ী সারের চাহিদা নিশ্চিত করা হবে। কোনো সংকট হবে না। খুচরা সার বিক্রেতাদের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, সরকারি সিদ্ধান্তের বাইরে তাঁদের জন্য আলাদা কিছু করা সম্ভব নয়।