ঢাকায় এখন ওয়াসার পানির সরবরাহ চাহিদার তুলনায় বেশি। বর্তমানে দৈনিক ২২৫ কোটি লিটার চাহিদার বিপরীতে ওয়াসার পানি উৎপাদন ক্ষমতা ২৪২ কোটি লিটার। অর্থাৎ চাহিদার চেয়ে ১৭ কোটি লিটার উদ্বৃত্ত। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই দাবি করেন। গতকাল মঙ্গলবার সকালে ওয়াসা ভবন মিলনায়তনে আয়োজিত ওই সভায় তিনি ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা ২০১০-২০১৩ কর্মসূচি’ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। পাশাপাশি চলতি বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসার পদক্ষেপের বিষয় তুলে ধরেন।চাহিদার তুলনায় সরবরাহের ক্ষমতা বেশি থাকা সত্ত্বেও নগরীর বিভিন্ন স্থানে পানির সমস্যা হয় কেন জানতে চাইলে ওয়াসার এমডি বলেন, ওয়াসার ৬৪০টি গভীর নলকূপের মধ্যে প্রতিদিন এক বা একাধিক নলকূপ কারিগরি কারণে বন্ধ বা মেরামতে থাকে। এর একেকটি নলকূপের অধীনে জনসংখ্যা গড়ে প্রায় ১৫ হাজার। এ কারণে যেখানে যেদিন নলকূপে সমস্যা থাকে, সেদিন সেই এলাকায় পানির সমস্যা দেখা দেয়। এ সমস্যা নিরসনে ওয়াসা পদ্মা ও মেঘনা নদীর পানি শোধন করে সরবরাহের পরিকল্পনার কথা জানান।এক প্রশ্নের জবাবে ওয়াসার এমডি বলেন, বৃষ্টি হলে ঢাকার রাস্তায় যে পানি জমে, তাকে জলাবদ্ধতা বলা যায় না। একে বরং জলজট বলা যায়।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ঢাকা ওয়াসার ডিএমডি (অপারেশন) এ ডি এম কামরুল আলম চৌধুরী, ডিএসডি (প্রশাসন) আতাউর রহমান, প্রধান প্রকৌশলী মো. শাজাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।