চাহিদার চেয়ে বেশি আমদানি তবু দাম বাড়ছে চিনির!
পবিত্র রমজানের এখনো প্রায় তিন সপ্তাহ বাকি। এ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হচ্ছে চাহিদার চেয়েও প্রায় ৫০ হাজার টন বেশি অপরিশোধিত চিনি। কিন্তু এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে চিনির বাজার। পরিশোধন কারখানার মালিকেরা স্বাভাবিক সরবরাহ দিতে পারছেন না বলে এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে প্রতিদিন চিনির চাহিদা সাড়ে তিন হাজার টনের কিছু বেশি। তবে রমজান মাসে এই চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় পাঁচ হাজার টন। পাইকারি বাজারে রমজান মাসের এ চাহিদার প্রভাব পড়েছে। শহর-গ্রামের খুচরা ব্যবসায়ীরা এখন চিনি কিনতে ভিড় করছেন পাইকারি বাজারে। ফলে পাইকারি-খুচরা ব্যবসায়ী পর্যায়ে চিনির চাহিদা অস্বাভাবিক বেড়ে গেছে। এ কারণে পরিশোধিত চিনি সরবরাহ করতে পারছে না কারখানাগুলো। একাধিক ডিও ব্যবসায়ী জানান, একটি সরবরাহ আদেশ কেনার পর কারখানায় গিয়ে ট্রাকে চিনি বোঝাই করতে সময় লাগছে ন্যূনতম এক থেকে দুই মাস। এতে খরচ বাড়ছে। প্রভাব পড়ছে চিনির পুরো বিপণনব্যবস্থায়।এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, জুনে অপরিশোধিত চিনি আমদানি কম হলেও এ মাসে বিপুল পরিমাণ চিনি এসেছে। পর্যাপ্ত মজুদ থাকায় রমজান মাসে দাম বাড়ার কারণ নেই। গ্যাসের চাপ কমসহ নানা কারণে চিনি পরিশোধন ব্যাঘাত হলেও এখন তা নেই।চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, এ মাসে বন্দর দিয়ে খালাস হচ্ছে এক লাখ ৯৪ হাজার ৬৭৩ টন অপরিশোধিত চিনি। এর মধ্যে তিনটি জাহাজ থেকে খালাস হয়েছে এক লাখ ২৩ হাজার টন। বাকি দুটি জাহাজ থেকে খালাস হবে ৭১ হাজার টন। রমজান মাসে বাড়তি চাহিদা ধরা হয় দেড় লাখ টন। সে হিসাবে এক মাসেই এসেছে বাড়তি চাহিদার চেয়ে ৫০ হাজার টন বেশি। মুনাফা হাতিয়ে নিচ্ছেন সবাই: চিনির বেচাকেনায় রয়েছেন চার স্তরের ব্যবসায়ী। পরিশোধন কারখানার মালিক, ডিও ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা এবং খুচরা ব্যবসায়ী। এঁদের হাত ঘুরে চিনি পৌঁছায় ক্রেতার হাতে।চিনির সরবরাহ পেতে এক থেকে দুই মাস পর্যন্ত সময় লেগে যাওয়ায় এখন সরবরাহ আদেশ বা ডিও অসংখ্যবার হাতবদল হচ্ছে। ফলে এ মুহূর্তে চিনির বাজারে বেশি মুনাফা করছেন ডিও ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার সকালে এক হাজার ৫০০ টাকা মণে চিনির ডিও লেনদেন শুরু হয়। সন্ধ্যার পর একই কাগজের দাম বেড়ে দাঁড়ায় এক হাজার ৫৫০ টাকা। এই মুনাফা পকেটে গেছে ডিও ব্যবসায়ীদের। এর প্রভাবে পাইকারি বাজারে দাম বেড়ে এখন এক হাজার ৬৮০ টাকায় উঠেছে। খাতুনগঞ্জের ব্যবসায়ী আবদুস সালাম বলেন, একদিকে কারখানা থেকে চিনির সরবরাহ পেতে দেরি হচ্ছে। অন্যদিকে খুচরা থেকে পাইকারি সবাই রমজান মাসে বিক্রির জন্য চিনির মজুদ গড়ে তুলছে। এ দুই কারণেই অস্থির হয়ে উঠেছে চিনির বাজার।প্রস্তুত চিনি আমদানি হচ্ছে না: পরিশোধন কারখানা চিনি সরবরাহ দিতে না পারলে আমদানির মাধ্যমে বাড়তি চাহিদা মেটানো হতো। গত বছর শেষদিকে পরিশোধিত চিনি আমদানি শুরু হলে বাজার স্বাভাবিক হয়ে আসে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় এবার পরিশোধিত চিনি আমদানি করছেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, বর্তমানে অপরিশোধিত চিনি টনপ্রতি ৪৬০ থেকে ৪৭০ মার্কিন ডলার। এ চিনি পরিশোধন করার পর খরচ পড়বে কেজিপ্রতি প্রায় ৩৬-৩৭ টাকা। আবার পরিশোধিত চিনি বিক্রি হচ্ছে টনপ্রতি ৫৮০-৬০০ মার্কিন ডলারে। এ দামে শুল্ক পরিশোধের পর খরচ পড়বে কেজিপ্রতি প্রায় ৪৭ টাকা। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নুরুল আলম মাস্টার বলেন, বিশ্ববাজারে অপরিশোধিত চিনির চেয়ে পরিশোধিত চিনির দাম অনেক বেশি। তাই পরিশোধিত চিনি আমদানি করলে লোকসান দেওয়া ছাড়া উপায় নেই। তিনি মনে করেন, পরিশোধন কারখানা থেকে সময়মতো সরবরাহ দেওয়া হলে চিনির বাজার এত অস্থির হতো না।