চাহিদার তুলনায় অপ্রতুল ত্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদ-নদী থেকে বন্যার পানি কমছে। ডুবে যাওয়া ঘরবাড়ি থেকেও পানি নেমে যাচ্ছে। কিন্তু দুর্গত এলাকায় এখন প্রধান সমস্যা ত্রাণসংকট। সরকারি-বেসরকারিভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।
কিন্তু বন্যাদুর্গত এলাকায় ত্রাণের কোনো সংকট নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। তিনি গতকাল বৃহস্পতিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এ মন্তব্য করেন।
সিরাজগঞ্জ পয়েন্টে গতকাল যমুনার পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু এই অঞ্চলের প্রধান সমস্যা এখন নদীভাঙন। গত বুধবার সন্ধ্যায় চৌহালী উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের দেড় শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। হাসপাতালের সব মালামাল অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক বলেন, পানি ব্যাপকভাবে কমে যাওয়ায় নদীভাঙন শুরু হয়েছে।
বগুড়ার ধুনটে বন্যার পানি কমলেও ত্রাণের জন্য হাহাকার করছে বানভাসি মানুষ। গতকাল সকালে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, বন্যায় উপজেলার ১৭৫টি গ্রামের প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী ছিল। তারা বন্যানিয়ন্ত্রণ বাঁধ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তায় আশ্রয় নিয়েছিল। তাদের কাছে এত দিন যে খাবার ছিল, তা ফুরিয়ে গেছে। ধুনট পৌরসভার চরধুনটের ফরিদ উদ্দিন (৪৫) বলেন, মানুষের ঘরে যে খাবার ছিল, তা শেষ হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, দুর্গতদের মধ্যে এ পর্যন্ত ১৫০ মেট্রিক টন চাল ও দুই লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এ ছাড়া কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান ত্রাণ দিয়েছে। কিন্তু সেসব চাহিদার তুলনায় অপ্রতুল। তাই আরও ত্রাণের জন্য প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
কিন্তু বগুড়ায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণের কোনো সংকট নেই বলে দাবি মোফাজ্জল হোসেন চৌধুরীর। তিনি গতকাল দুপুরে সারিয়াকান্দির কামালপুর ও কড়িতলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। মন্ত্রীর আগমন উপলক্ষে কামালপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের সময় ত্রাণের অভাবে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। সারিয়াকান্দিতেও কেউ যেন না খেয়ে মারা না যায়, এ জন্য ত্রাণতৎপরতা সমন্বয় করতে মনিটরিং সেল খোলা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলার ২৮ ইউনিয়নের প্রায় চার লাখ মানুষ পানিবন্দী রয়েছে।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদে পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গতকাল বিকেলে নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে প্রতিরক্ষা বাঁধের শতাধিক স্থান। সরেজমিনে জানা যায়, ধলাই, লাঘাটা নদীসহ ক্ষিরনী ও ছোট ছোট ছড়ায় পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ১৫০ হেক্টর আমন চারা।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ; বগুড়া, ধুনট ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি]