চাহিবামাত্র চাঁদা না দিলে মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট বাজার বাসস্ট্যান্ডে বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে স্থানীয় এক আওয়ামী লীগের নেতা ও তাঁর আত্মীয়স্বজনেরা চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চালকেরা অভিযোগ করেছেন, ঈদ সামনে রেখে তাঁরা বেপরোয়া হয়ে উঠেছেন। চাহিবামাত্র চাঁদা না দিলে তাঁরা চালকদের মারধর করছেন। একটু দেরি সহ্য করছেন না তাঁরা।গত রোববার কর্তারহাট বাজারে গিয়ে দেখা গেছে, বাজার বাসস্ট্যান্ডে শতাধিক মানুষের জটলা। সেখানে নছিমন, করিমন (শ্যালো ইঞ্জিনচালিত যান), ব্যাটারিচালিত অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকেরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা স্থানীয় রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবদুস সহিদ ও তাঁর ভাতিজা রমাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিনের চাঁদাবাজি বন্ধের দাবি জানান।বিক্ষোভে অংশ নেওয়া চালকেরা বলেন, কর্তারহাট থেকে লালমোহন, গজারিয়া, চরফ্যাশন, লর্ড-হার্ডিঞ্জসহ একাধিক সড়কপথে ২৫টি নছিমন, অর্ধশতাধিক অটোরিকশা ও ২০টি ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল করে। তাঁরা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা আবদুস সহিদ ও তাঁর ভাতিজা গিয়াস উদ্দিন প্রতিটি নছিমন থেকে মাসে ৪০০ টাকা করে চাঁদা নিচ্ছেন। প্রতিটি অটোরিকশা থেকে তাঁরা এককালীন ২০ হাজার টাকা এবং প্রতিদিন ৩০ টাকা হারে চাঁদা আদায় করছেন। এবং প্রতিটি মোটরসাইকেল থেকে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। চালকেরা আরও অভিযোগ করেন, ঈদ সামনে রেখে চাঁদাবাজেরা বেপরোয়া হয়ে উঠেছেন। চাঁদা দিতে দেরি করলে তাঁরা চালকদের গায়ে হাত তুলছেন।সম্প্রতি দায়ের হওয়া একটি মামলায় আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের নেতা আবদুস সহিদ। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযোগ অস্বীকার করে তাঁর ভাতিজা রমাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা মোটরসাইকেল মালিক সমিতির পক্ষ থেকে চালকদের কাছ থেকে সমিতির চাঁদা নিচ্ছি। এখানে কোনো বাড়তি টাকা নেওয়া হচ্ছে না। আর কাউকে চাপ প্রয়োগও করা হচ্ছে না।’এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মিজানুর রহমান বলেন, ‘সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ আমরাও শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’