চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৭
কক্সবাজারের টেকনাফ উপজেলায় চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বাহারছড়ার জাহাজপুরা বাজারে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন সৈয়দ নুর (৩৫), শাহাজাহান (২৩), জাফর আলম (১৮), নুরুল আলম (৬০), সৈয়দুল আলম (২৬), হামিদুর রহমান (৩০) ও আবু ছিদ্দিক (৩০)। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা সবাই বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজ উদ্দিন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শুক্রবার বিকেলে জাহাজপুরা বাজারে একটি চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দোকানে বসে থাকা সাতজন ব্যক্তি দগ্ধ হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহীন আবদুর রহমান বলেন, অগ্নিদগ্ধ সাতজনের শরীরে বিভিন্ন অংশ ২০-৩৫ শতাংশ পুড়ে গেছে। তাঁদের মধ্যে সৈয়দ নুর, মো. শাহাজাহান, জাফর আলমের ৩৫ শতাংশ পুড়েছে। আশঙ্কাজনক ওই তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।