চায়ের দোকানে মাইক্রোবাস, প্রাণ গেল বৃদ্ধের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় তোফাজ্জল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল নয়টায় উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া এলাকার গাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেনের বাড়ি গাজীর মোড় এলাকার ওই চায়ের দোকানের পাশেই। লাশ ময়নাতদন্ত ছাড়াই বিকেলে দাফন করা হয়েছে।

থানা-পুলিশ ও এলাকার বাসিন্দা সূত্রে জানা গেছে, সকালে বড়গাংদিয়া গাজীর মোড় এলাকায় দৌলতপুর-কাতলামারী সড়কের পাশে একটি চায়ের দোকানে কয়েকজন বসে ছিলেন। এ সময় পথে কাতলামারী যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে তোফাজ্জল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত চারজনকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় বরবাহী কারের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে টুটুল (৩৭) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা তিনজনই মোটরসাইকেলের আরোহী।

গতকাল শুক্রবার রাত সাতটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত টুটুল সদর উপজেলার হরিনারায়াণপুর ইউনিয়নের পূর্ব আবদালপুর গ্রামের সানা মণ্ডলের ছেলে।