চায়ের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে ধর্ষণ
চায়ের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় ওই ছাত্রী দুলাভাইসহ দুজনকে আসামি করে থানায় ধর্ষণের মামলা করেছে। মামলাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণীর ওই ছাত্রী ২৭ মার্চ তার বোন-দুলাভাইয়ের বাড়ি বেড়াতে যায়। এরপর ২৮ মার্চ সন্ধ্যায় আত্মীয়তার সূত্র ধরে দুলাভাই (২৮) তাকে দোলাপাড়া গ্রামের বদরুল ইসলামের বাড়ি বেড়াতে নিয়ে যান। সেখানে রাতে খাওয়া-দাওয়ার পর চায়ের সঙ্গে কৌশলে ঘুমের বড়ি মিশিয়ে তাকে খাওয়ানো হয়। এরপর মেয়েটি অনেকটা অচেতন হয়ে পড়ে। এই সুযোগে বদরুলের সহায়তায় মেয়ের দুলাভাই নিজ বাড়ি নেওয়ার কথা বলে তাকে নিয়ে বেরিয়ে পড়েন। পরে পাশের বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরদিন সকালে মেয়েটি এ কথা গ্রামের আশপাশের লোকদের জানায়। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। অবস্থা বেগতিক দেখে মেয়ের দুলাভাই ও বদরুল ইসলাম স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোনায়েম খানের শরণাপন্ন হন। ইউপি সদস্য তাৎক্ষণিকভাবে ওই গ্রামে গিয়ে মীমাংসার নামে মেয়েকে চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব নিয়ে আপস করতে বলেন। মেয়েটি ওই প্রস্তাবে রাজি না হয়ে শনিবার সন্ধ্যায় তার দুলাভাইসহ দুজনের বিরুদ্ধে মামলা করে।
ওই মেয়ে বলে, ‘ইউপি সদস্য চার লাখ টাকা দিতে চাইলেও আমি তা নিইনি। আমার জীবন যারা ধ্বংস করেছে, আমি তাদের বিচার চাই।’
মুঠোফোনে ইউপি সদস্য তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি।’
গতকাল সরেজমিনে মেয়ের দুলাভাইকে বাড়িতে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে বদরুল ইসলাম বলেন, ‘আমি তারাগঞ্জের বাইরে আছি, পরে কথা হবে।’