চা-দোকানি মির্জাপুরের পৌর কাউন্সিলর

তিনি টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার একজন কাউন্সিলর। আবদুর রাজ্জাক মিয়া। বয়স ৩৬ বছর। এই জনপ্রতিনিধি পেশায় চা-বিক্রেতা। দিনভর চায়ের দোকানে বসেই এলাকার মানুষের সমস্যার কথা শোনেন। কাউন্সিলর হিসেবে দাপ্তরিক কাজও করেন তাঁর চায়ের দোকানে বসেই।
১১ মার্চ সকালে এই জনপ্রতিনিধির সঙ্গে কথা হয়। তাঁর দোকানে বসেই। কর্মচারী ছাড়াই দোকান চালান। চা ছাড়াও বিক্রি করেন বিস্কুট, চানাচুরসহ অন্যান্য পণ্য। যার যেমন চাহিদা তা পূরণ করছেন। পাশাপাশি গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করছেন। এলাকাবাসীর পরিবারের সদস্যরা কেমন আছেন, খোঁজ নিচ্ছেন। তাঁর সই লাগলে দোকানে বসেই করে দিচ্ছেন। মেরে দিচ্ছেন সিলমোহর।
মির্জাপুর সদরের বাইমহাটী গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক মিয়া। জানালেন, ২০১৫ সালের ২৮ ডিসেম্বর মির্জাপুর পৌরসভা নির্বাচনে তিনি কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন।
ছোটবেলা থেকেই সদালাপী আবদুর রাজ্জাক কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরও আগের মতোই রয়েছেন। তাঁর বাবা অসুস্থ। ভাইদের মধ্যে বড় বলে কাঁধে সংসারের দায়িত্ব। অসুস্থতার কারণে তাঁর বাবা দোকানে বসতে পারেন না। এ কারণে জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিন ফজরের নামাজের পর দোকানে বসেন। মাঝখানে দুপুরের খাবার খেতে এক ঘণ্টার জন্য বাড়ি যান। ফিরে রাত আটটা পর্যন্ত দোকান করেন।
তিনি গড়ে প্রতি মাসে খরচ বাদে ১৪ থেকে ১৫ হাজার টাকা আয় করেন। এ ছাড়া কাউন্সিলর হিসেবে ৪ হাজার টাকা সম্মানী ভাতা পান। এতেই তাঁর সংসার চলে। তিনি দোকানে বসে অনেককে বিনা পয়সায় চা খাওয়ান।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজ্জাকের বাবা নাজিম উদ্দিন (৬০) একসময় ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তিনি ১৯৯০ সালে মির্জাপুর উপজেলা পরিষদের পাশে একটি টং দোকান দিয়ে চা বিক্রি শুরু করেন। তাঁদের সংসারে অভাব নেই। তবে কর্মক্ষম হিসেবে নাজিম উদ্দিন কাজ খুবই পছন্দ করতেন। শুরু থেকেই তাঁকে সন্তানেরা সহায়তা করতেন।

নাজিম উদ্দিনের পাঁচ সন্তানের মধ্যে আবদুর রাজ্জাক তৃতীয়। ১৯৯৬ সালে এসএসসি পাস করে মির্জাপুর কলেজে ভর্তি হন। কিন্তু এইচএসসি পাস করতে পারেননি। তাঁর বড় দুই বোনের বিয়ে হয়েছে অনেক আগে। এক ভাই স্ত্রী-সন্তান নিয়ে আলাদা সংসার করেন। ছোট ভাই, বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাঁর সংসার। রাজ্জাক ২০০৩ সালে রাশিদা আক্তারকে বিয়ে করেন। তাঁদের মেয়ে দৃষ্টি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আর ছেলে সানির বয়স সাড়ে চার বছর। ছোট ভাইয়ের রয়েছে একটি ওয়ার্কশপ।
বাইমহাটী গ্রামের বাসিন্দা মির্জাপুর বাজারের বিকাশ হাসপাতালের স্বত্বাধিকারী বিকাশ গোস্বামী বলেন, বর্তমান সময়ে রাজ্জাকের মতো মানুষ পাওয়া দুরূহ ব্যাপার। তিনি সংসার ছাড়াও হাসিমাখা মুখে একটি এলাকার ভার কাঁধে রেখেছেন। যা খুবই বিস্ময়কর।
আবদুর রাজ্জাক বলেন, ‘আমার যতটুকু উপার্জন হয়, তাতেই জীবন কেটে যাবে। আমি আমার পরিবারের সদস্যদের মতোই গ্রামবাসীকে খুবই ভালোবাসি। আমি মানুষের ভালোবাসায় মর্যাদা নিয়ে আছি। পাশাপাশি চা বিক্রি করছি। যা আমার কাছে মানুষের ভালোবাসার মতোই মর্যাদাপূর্ণ। সেখান থেকে আমার রুজি চলে। এতে আমি খুবই গর্বিত।’