চা-বাগান নাকি পাথর কোয়ারি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য তোলা পাথর। বাছাই শেষে স্তূপ করা। দেখভালের জন্য পাশেই ঘর। আশপাশের ঝোপঝাড় ও ছোট গাছপালা কেটে সাবাড় করা। বর্ষা সামনে রেখে কারবারের প্রস্তুতি৷ এ দৃশ্য কোনো পাথর কোয়ারিতে নয়, সিলেটের প্রাচীন চা-বাগান লোভাছড়ার একাংশে৷
চা-বাগান পরিচালনা ও চা-উৎপাদন সম্পর্কিত বোর্ডের নীতিমালা অনুযায়ী, বাগানে চা উৎপাদন ছাড়া অন্য কিছু করা যাবে না। বাগানে পতিত জমি থাকলেও প্রতিবছর চাগাছের চারা রোপণ করতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের সীমান্তবর্তী লোভাছড়া সিলেট অঞ্চলের অন্যতম প্রাচীন চা-বাগান। ১৮৫৪ সাল থেকে বাগানটি চা উৎপাদন শুরু করে। শুরুর দিকে ব্রিটিশরা সরাসরি বাগান তদারকি করলেও স্বাধীনতার পর কর্তৃত্ব বদল হয়। বাগানটির স্বত্ব ব্রিটিশ-বংশোদ্ভূত বাংলাদেশির হলেও যৌথভাবে পরিচালিত হচ্ছে। এ কারণে বাগান কর্তৃপক্ষের কর্তৃত্ব নিয়ে দুটো পক্ষই পাথরের কারবার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে৷
সম্প্রতি সরেজমিনে লোভাছড়া নদীর উৎসমুখ ঘিরে চা-বাগানের অন্তত ২০ একর জায়গা থেকে পাথর তুলতে দেখা গেছে।
চা-বাগান ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতীরের দিকে বাগানের কিছু জমি পতিত থাকায় ২০১১ সালে বর্ষার আগে শ্রমিকদের একটি দল মাটি খোঁড়াখুঁড়ি করে পাথর তোলে। বিষয়টি দেখে ওই বছর চা-বাগান কর্তৃপক্ষও নিজ উদ্যোগে পাথর তোলা শুরু করে। এভাবে দুই বছর পাথর তুলে ৩০ থেকে ৪০ লাখ টাকার পাথর বিক্রি করা হয়৷ এবার বড় পরিসরে পাথর তুলে বিক্রির জন্য স্তূপ করা হয়েছে। বর্ষায় আরও বেশি পাথর তোলার জন্য পতিত জমির বনজ গাছ ও ঝোপঝাড় কেটে সেখানে টিনের ঘর বানানো হয়েছে৷ সেই ঘরে নিয়মিত পাহারাদার থাকতেও দেখা যায়।
পাথর উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের দাবি, নদীতীরে লোভাছড়া চা-বাগানের ওই জমি বাগানের কোনো কাজে আসছে না। এটি পাথর কোয়ারিকে দেওয়া হলেই বরং পাথর আহরণ করে বছর বছর সরকারের রাজস্ব আয় বাড়ানো সম্ভব ছিল। পাশের মূলাগুলবাজারের কয়েকজন পাথর ব্যবসায়ী জানান, এ ধরনের দাবি ওঠার আগেই চা-বাগান কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে ব্যবহার করছে।
চা-বাগানের পক্ষ থেকে বলা হচ্ছে, বাগানের পরিত্যক্ত আট একর এলাকা থেকে পাথর তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে৷
জানতে চাইলে লোভাছড়া চা-বাগানের ব্যবস্থাপক জহির উদ্দিন দাবি করেন, পাথরের কোনো কারবার বাগান কর্তৃপক্ষ করছে না৷ পাথর স্তূপ করার বিষয়ে তিনি বলেন, চা-বাগানের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ করতে কিছু পাথরের প্রয়োজন হওয়ায় এসব পাথর তোলা হয়েছে৷ এ কাজটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়েই করা হচ্ছে৷
যোগাযোগ করলে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মোহাম্মদ জাকারিয়া প্রথম আলোকে বলেন, চা-বাগানের জমিতে পাথরের স্তূপ দেখে জানতে চাওয়ায় কর্তৃপক্ষ খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অনুমোদনের বিষয়টি জানিয়েছে। চা বোর্ডের নীতিমালা অনুযায়ী বৈধতার প্রশ্নে ইউএনও বলেন, অনুমোদনের বিষয়টি যথাযথ কি না তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।