চা-বাগানগুলোতে নির্বাচনী আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চা-বাগানগুলোতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। চা-শ্রমিকদের স্বার্থরক্ষা ও অধিকার প্রতিষ্ঠা করার জন্য শ্রম মন্ত্রণালয় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন করার উদ্যোগ নিয়েছে। তিনটি স্তরে আগামী ১০ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গল কার্যালয় সূত্রে জানা গেছে, একই দিনে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, সাতটি ভ্যালি (বিভিন্ন চা-বাগান নিয়ে গঠিত ফোরাম) এবং প্রত্যেক চা-বাগানের বাগান পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ জুলাই শ্রম অধিদপ্তরের শ্রম পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার এস এম আশরাফুজ্জামান আনুষ্ঠানিকভাবে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। প্রত্যেক স্তরে একাধিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে এ নির্বাচন হবে। নির্বাচনে কেন্দ্রীয় কমিটিতে দুটি প্যানেল, সাতটি ভ্যালির মধ্যে পাঁচটিতে দুটি করে এবং সিলেট ও জুড়ী ভ্যালিতে তিনটি করে প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
অপরদিকে মূল ও ফাঁড়ি মিলিয়ে ২২৮টি চা-বাগানের প্রতিটি বাগান পঞ্চায়েত কমিটিতে দুই থেকে পাঁচটি প্যানেল আছে। এর মধ্যে নির্বাচন কমিশন যাচাই-বাচাই শেষে প্যানেলভিত্তিক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন।
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটির ২২৮টি চা-বাগান ও ফাঁড়ি চা-বাগানের ৫৪ হাজার ৫৮৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই পাঁচটি জেলার সিলেট সদর, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জুড়ী, বড়লেখা, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, বাহুবল, চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বাঁশখালী এবং কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রীয় কমিটির দুটি প্যানেলের একটিতে সভাপতি পদে মাখন লাল কর্মকার ও সাধারণ সম্পাদক পদে রামভজন কৈরি এবং অপর প্যানেলের সভাপতি পদে বিজয় বুনার্জি ও সাধারণ সম্পাদক পদে সীতারাম অমলিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। বালিশিরা ভ্যালিতে এক প্যানেলে সভাপতি পদে বিজয় হাজরা ও সাধারণ সম্পাদক পদে দেবেন্দ্র বাড়াইক ও অপর প্যানেলে সভাপতি পদে সুভাষ বাগচী ও সাধারণ সম্পাদক পদে পুষ্প ব্যানার্জি; লংলা ভ্যালিতে এক প্যানেলে সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্জু অধিকারী ও অপর প্যানেলে সভাপতি বাবুলাল গৌড় ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া জুড়ী ভ্যালিতে তিনটি প্যানেল নির্বাচন করছে। এর মধ্যে সভাপতি পদে কমল চন্দ্র বুনাির্জ, সুমন মাদ্রািজ ও মুরালি ধর গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে রতন তেলি, শান্ত কুমার ও সামারু বুনাির্জ লড়াই করছেন।
চা-শিল্প ও শ্রমকল্যাণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ের উপপরিচালক ও নির্বাচন কমিশনের সদস্যসচিব মো. গিয়াস উদ্দিন গত বুধবার বলেন, ‘সকল প্রক্রিয়া শেষ করে প্যানেলের প্রার্থীতালিকা চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে নির্বাচন করতে কমিশনের পক্ষে শ্রম অধিদপ্তরের লোকজন কাজ করছেন।
নির্বাচন পরিচালনায় কোনো ঝামেলা নেই। সুন্দরভাবেই নির্বাচন হবে বলে আশা করছি।’