চা-শ্রমিক আন্দোলনের ভিডিও চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বেগমগঞ্জ চা-বাগানের শ্রমিকদের জন্য বরাদ্দকৃত কৃষিজমিতে অর্থনৈতিক অঞ্চল করার প্রতিবাদে করা শ্রমিক আন্দোলনের ভিডিও চিত্রের প্রদর্শনী শুরু হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগান নাচঘরে গত শনিবার এর উদ্বোধন হয়।
বিশ্ববিদ্যালয়পড়ুয়া চা-শ্রমিক সন্তান ও প্রদর্শনীর উদ্যোক্তা মোহন রবিদাস বলেন, প্রতিটি চা-বাগানে শ্রমিকদের নামে কিছু কৃষিজমি বরাদ্দ দেওয়া হয়। যেসব শ্রমিক কৃষিজমি ভোগ করেন, তাঁরা চা-বাগানের রেশন-সুবিধা ভোগ করেন না। সরকারি উদ্যোগে গত বছর চানপুর চা-বাগানের ফাঁড়ি বেগমগঞ্জ চা-বাগানের ৫১১ হেক্টর কৃষিজমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নেওয়া হয়। এতে শ্রমিকেরা তাঁদের কৃষিজমি হারাবেন আর চা-বাগানের পরিবেশ নষ্ট হবে।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, এ এলাকার আশপাশে খাসজমি আছে। সরকার চাইলে সে খাসজমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে পারে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি মনে করেন।