চা-শ্রমিক কল্যাণ তহবিল বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-শ্রমিকদের কল্যাণে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বাংলাদেশ চা-শ্রমিক কল্যাণ তহবিল বিল ২০১৬ পাস হয়েছে। বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বিলে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কোনো শ্রমিক শারীরিক বা মানসিকভাবে অক্ষম হওয়ার কারণে চাকরি থেকে অবসর, অপসারণ বা অব্যাহতি পেলে তাঁকে কল্যাণ তহবিল থেকে এককালীন অনুদান দেওয়া হবে। কোনো শ্রমিক চাকরিরত অবস্থায় বা অবসর নেওয়ার পাঁচ বছরের মধ্যে মারা গেলে প্রাপ্য অনুদান তাঁর স্ত্রী বা স্বামী পাবেন।
গতকাল প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল ২০১৬ ও প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল ২০১৬ সংসদে উত্থাপিত হয়। সংসদকাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে বিল দুটি উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।