চা-শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের চা-বাগানগুলোর শ্রমিকেরা ভূমি অধিকার নিশ্চিত করাসহ  বিভিন্ন দাবিতে গতকাল সিলেট নগরে মিছিল বের করেন। জিন্দাবাজার এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো
সিলেটের চা-বাগানগুলোর শ্রমিকেরা ভূমি অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে গতকাল সিলেট নগরে মিছিল বের করেন। জিন্দাবাজার এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো

মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন চা-বাগানে গতকাল শুক্রবার চা-শ্রমিক দিবস পালন করা হয়েছে। সিলেটে এ দিবসে চা-শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করাসহ ১০ দফা দাবিতে সমাবেশ হয়েছে।
১৯২১ সালের এই দিনে (২০ মে) চাঁদপুর স্টিমার ঘাটে ও রেলস্টেশনে গোর্খা সেনাদের গুলিতে অনেক চা-শ্রমিক নিহত হন। তাঁদের স্মরণে শ্রমিকেরা প্রতিবছর দিবসটি পালন করছেন।
চা-শ্রমিক সূত্রে জানা গেছে, দিবস উপলক্ষে রাজনগর উপজেলার মাথিউরা, করিমপুর ও রাজনগর চা-বাগানে চা-শ্রমিকেরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সময় মাথিউরা চা-বাগানে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন চা-শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা মুজাহিদ আহমদ, শ্রমিকনেতা লালন রাজভর, সত্য নারায়ণ নাইডু প্রমুখ। এ ছাড়া শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান, খেজুরিছড়া, হরিণছড়া, টিপরাছড়া, পুটিয়াছড়াসহ বিভিন্ন চা-বাগানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং রাজঘাট চা-বাগানে শোভাযাত্রা বের করা হয়।
চা-শ্রমিক সূত্র জানিয়েছে, ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া চা-বাগান প্রতিষ্ঠার পর ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো এ অঞ্চলে বাণিজ্যিকভাবে চা-বাগান তৈরি শুরু করে। এতে প্রচুর চা-শ্রমিকের প্রয়োজন পড়ে। তাই ওই প্রতিষ্ঠানগুলো দালালের মাধ্যমে ভারতের অভাবপীড়িত অঞ্চল থেকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে হাজার হাজার মানুষকে নিয়ে আসে। তাঁদের আসাম ও বৃহত্তর সিলেট অঞ্চলের দুর্গম জঙ্গলে চা-বাগান তৈরির কাজে বাধ্য করা হয়। কিছুদিনের মধ্যেই চা-শ্রমিকদের উন্নত জীবনের মোহ কেটে যায়। চা-শ্রমিকেরা নিজ দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী ১৯২১ সালে কাছাড় ও সিলেটের প্রায় ৩০ হাজার শ্রমিক ‘মু­ল্লুকে (দেশে) চলো’ ডাক দিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। ২০ মে তাঁরা চাঁদপুরে গিয়ে স্টিমার ও ট্রেনে উঠতে চাইলে গোর্খা সেনারা তাঁদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন। এতে স্টিমার ঘাট ও রেলস্টেশনে সমবেত হওয়া বিপুলসংখ্যক শ্রমিক মারা যান। চা-শ্রমিকেরা এই দিনটিকে চা-শ্রমিক দিবস হিসেবে পালন করছেন।
চা-শ্রমিক দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন। গতকাল শুক্রবার এ দিবস পালন শেষে বিকেলে সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এর আগে সকালে সিলেটের লাক্কাতুরা, মালনীছড়া, হিলুয়াছড়া ও তারাপুর চা-বাগানে শহীদ মিনারে ফুল দিয়ে দিবস উদ্যাপন শুরু হয়।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে বিভিন্ন বাগান থেকে চা-শ্রমিকেরা মিছিল করে অংশ নেন। চা-শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক হৃদেশ মুদির সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, বাসদ (মার্ক্সবাদী) জেলা শাখার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা শাখার আহ্বায়ক সুশান্ত সিনহা, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বক্তব্য দেন।