চা-শ্রমিকদের মজুরি ২০০ টাকা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-শ্রমিকেরা দেশের অর্থনীতির চালিকাশক্তির একটি অংশ। হাড়ভাঙা খাটুনি খেটেও তাঁরা মজুরি পান নামমাত্র। চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬৯ টাকা থেকে ৯০ টাকা করা হয়েছে। পর্যায়ক্রমে তা ২০০ টাকা করা হবে।
গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া, পাত্রকলা ও আলীনগর চা-বাগানে তিনটি পৃথক চা-শ্রমিক সমাবেশে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এসব কথা বলেন।
আলীনগর চা-বাগানের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনি অষ্টম শ্রেণি পাস। আপনি হুমকি দিয়ে লাভ নেই। নিজের দলে আগে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করে দলীয় কোন্দল মিটিয়ে মাঠের রাজনীতির কথা ভাবুন। নিজেদের অস্তিত্ব যেখানে প্রায় বিলীন, সেখানে হুমকি-ধমকি দিয়ে শেখ হাসিনার নেতৃত্বের সরকারকে ভয় দেখাবেন না।’
পাত্রকলার সমাবেশে সাংবাদিকদের উদ্দেশে সৈয়দ মহসিন আলী বলেন, ‘আপনারা মঞ্চে আমার চোখ বন্ধ অবস্থায় ছবি তুলে পত্রিকায় প্রকাশ করেন আমি ঘুমাই। আমি মঞ্চে আসলে ঘুমাই না, চোখ বন্ধ করে চিন্তা করি দেশ ও মানুষের জন্য কী করতে হবে৷’
এ সময় মন্ত্রীর সঙ্গে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, স্থানীয় আওয়ামী লীগ নেতা এ এস এম আজাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।