চা-শ্রমিকেরা অনেক পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাধীনতার পর থেকে উন্নয়নের ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি। এখন মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছি। কিন্তু আমাদের সেই উন্নয়ন অগ্রযাত্রা থেকে অনেক পিছিয়ে চা-শ্রমিক জনগোষ্ঠীর মানুষ।’
‘চা-শ্রমিক জনগোষ্ঠীর পরিচয়, অবস্থান ও তাদের অধিকার বিষয়ে পর্যালোচনা’ বিষয়ে নাগরিক সংলাপে গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘অনেক দেশ আছে যারা এগিয়েছে, কিন্তু অনেক মানুষ সেখানে বঞ্চিত থেকেছে। আমাদের এগোবার ইতিহাস যেন এভাবে লেখা না হয়।’
রাজধানীর সিবিসিবি সেন্টারে এ সংলাপের আয়োজন করে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের উত্তর-পূর্বের সিলেট ও চট্টগ্রামের ১৫৬টি চা-বাগানে থাকা বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ওপর জরিপ চালিয়েছে। সেডের হিসাবে, বাগানগুলোতে থাকা শ্রমিকের সংখ্যা ১ লাখ ২২ হাজার। ৬ হাজার বাঙালি ছাড়া বাকিরা বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ। এসব বাগানে বাস করা নৃগোষ্ঠীর সংখ্যা ৮০টি। সরকারিভাবে তাদের স্বীকৃতি নেই। এসব মানুষের অবস্থান সম্পর্কে জানানো এবং তাদের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা ছিল সংলাপের মূল উদ্দেশ্য।
এ প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, চা-শ্রমিক জনগোষ্ঠীর মানুষ শুধু বঞ্চিত নয়, প্রান্তিকতার বাড়তি কিছু বোঝা বইছে তারা। আর্থিক ন্যায়বিচারের পাশাপাশি তাদের সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা দরকার।
চা-শ্রমিকদের বঞ্চনার চিত্র তুলে ধরতে গিয়ে সেড-পরিচালক ফিলিপ গাইন বলেন, এ সময়েও চা-শ্রমিকদের মজুরি দৈনিক ৮৫ টাকা। ২০০৯ সালেও তা ছিল ৩২ টাকা ৫০ পয়সা। চা-বাগানে স্কুলের চেয়ে শিক্ষক কম। পরিবার নিয়ে শ্রমিক জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ পুরোপুরি ভূমিহীন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বেশির ভাগই ছিলেন চা-শ্রমিক। ছিলেন রাজনীতিবিদ, সরকারি প্রতিনিধি, শ্রম গবেষক, এমনকি চা-বাগান মালিকদের প্রতিনিধি। তাঁদের সামনে বঞ্চনার চিত্র তুলে ধরে শ্রমিক নারী আশা আরনাল বলেন, ‘চা-বাগানগুলোতে চিকিৎসার কিছু ব্যবস্থা আছে। কিন্তু চিকিৎসক আমাদের ছুঁয়েও দেখেন না। আমরাও তো মানুষ।’
সংলাপে আরও বক্তব্য দেন চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ চা সংসদের প্রতিনিধি শাহ খায়রুল আনাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ।