চিংড়ি পোনা নিয়ে বিপাকে হ্যাচারির মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্গো বিমানের সংকটের কারণে কক্সবাজারের ১৫টি হ্যাচারিতে উৎপাদিত প্রায় ৪০ কোটি চিংড়ি পোনা খুলনা ও সাতক্ষীরায় সরবরাহ নিয়ে বিপাকে পড়েছেন হ্যাচারির মালিকেরা।
হ্যাচারি মালিকদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সেব) মহাসচিব রইচ উদ্দিন বলেন, গত বছর কক্সবাজারের ৫৪টি হ্যাচারিতে উৎপাদিত প্রায় এক হাজার কোটি চিংড়ি পোনা সাতটি কার্গো বিমান দিয়ে সরবরাহ করা হয়েছে। কিন্তু চলতি সালে পোনা পরিবহন করছে মাত্র দুটি কার্গো বিমান। এর মধ্যে একটি বিমানের চলাচল কাল শুক্রবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তখন প্রায় ৪০ কোটি পোনা নিয়ে হ্যাচারির মালিকদের বিপাকে পড়তে হবে। কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, বিসমিল্লাহ এয়ারলাইনসের দুটি কার্গো বিমান পোনা সরবরাহ করলেও কাল ১৯ জুলাই থেকে একটির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ বাড়ালে ওই বিমান চলাচলে সমস্যা থাকবে না। হ্যাচারির মালিক আশেকুল্লাহ ও হুমায়ুন কবির জানান, ফেরি পারাপার এবং খারাপ যোগাযোগব্যবস্থার কারণে কক্সবাজার থেকে ট্রাকে করে চিংড়ি পোনা খুলনা ও সাতক্ষীরায় নিতে ৭২ ঘণ্টা সময় লেগে যায়। ২৪ ঘণ্টার মধ্যে পোনা পৌঁছানো সম্ভব না হলে অক্সিজেনের সংকটে ৫০ শতাংশ পোনা ট্রাকেই মারা যায়। জীবিত পোনাও দুর্বল হয়ে পড়ে। এ কারণে হ্যাচারির মালিকেরা কার্গো বিমানের ওপর নির্ভশীল। বিমানে পোনা সরবরাহ করতে সময় লাগে সর্বোচ্চ ছয় ঘণ্টা। হ্যাচারি মালিকেরা বলেন, ট্রাকে পোনা সরবরাহ করতে গিয়ে গত দুই মাসে ২২টি হ্যাচারির প্রায় ২৫ কোটি টাকার চিংড়ি পোনা মরে গেছে। লোকসানের কবলে পড়ে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ১৮টি হ্যাচারি। এতে সারা দেশে চিংড়ি উৎপাদনে ধস নামার আশঙ্কা রয়েছে। সেব সূত্র জানায়, বর্তমানে কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফে স্থাপিত ১৫টি হ্যাচারিতে প্রায় ৪০ কোটি পোনা মজুত রয়েছে। যার মূল্য প্রায় ২০ কোটি টাকা। দুটি বিমানে (দিনে দুবার করে) এই পোনা সরবরাহ করতে সময় লাগে ১৮-১৯ দিন। বিমান একটি হলে পোনা সরবরাহে লাগবে প্রায় ৪০ দিন। তখন অক্সিজেন সমস্যায় পড়ে ১০-১৫ কোটি পোনা মারা যাবে। সেব মহাসচিব রইচ উদ্দিন বলেন, ‘আপাতত দুটি কার্গো বিমান চালু রাখার দাবি জানিয়ে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১১ জুলাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি পাঠিয়েছি। কিন্তু গতকাল পর্যন্ত খবর নেই।’ স্মারকলিপিতে বলা হয়, সারা দেশে দেড় লাখ হেক্টর জমিতে চিংড়ি চাষের জন্য প্রায় ৯০০ কোটি পোনা দরকার। এর মধ্যে ৯০ শতাংশ পোনার চাহিদা কক্সবাজার পূরণ করছে। এই চিংড়ি রপ্তানি করে প্রতিবছর অর্জিত হচ্ছে পাঁচ হাজার ৭০০ কোটি টাকা।