চিংড়ি চাষের জন্য বনাঞ্চল ইজারার ঘটনা তদন্তে কমিটি
বনাঞ্চলে চিংড়ি চাষের জন্য ইজারা নেওয়া জমি বাতিলের বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে শনিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে গঠিত কমিটিকে ১৫ দিনের মধ্যে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।গত ৫ মে প্রথম আলোয় ‘কক্সবাজার জেলায় দুই হাজার ১১৪ একর বনাঞ্চল চিংড়ি চাষের জন্য ইজারা প্রদান’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পাঁচ সদস্যবিশিষ্ট উপকূলীয় এলাকার চর উদ্ধার কমিটি ওই এলাকা পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়।বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহামঞ্চদ জাহাঙ্গীর ইকবাল বলেন, কক্সবাজারে দুই হাজার ১১৪ একর বনাঞ্চল চিংড়ি চাষের জন্য ইজারা প্রদান করা হয়েছে। তার মধ্যে মহেশখালীর প্রায় দেড় হাজার একর বনাঞ্চল রয়েছে। পরে এসব বনাঞ্চল কেটে পরিবেশ ধ্বংস করেই স্থানীয় ভূমিদস্যুরা নানাভাবে চেষ্টা করে আসছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, সরেজমিনে তদন্ত করে অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।