কক্সবাজার জেলায় ১০ একরের বেশি জমি ইজারা নিয়ে যাঁরা চিংড়িঘের করছেন, তাঁদের ইজারা বাতিল করা হবে বলে জানান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, চিংড়ি চাষের জন্য এখন থেকে ১০ একরের বেশি জমি কারও ইজারায় থাকতে পারবে না। গতকাল রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘বিশেষ রাজস্ব সভা ও জেলা চিংড়িমহাল কমিটি’র সভায় তিনি এ কথা বলেন।
চিংড়িমহালের সমস্যা সমাধানে দ্রুত টাস্কফোর্স কমিটি গঠন এবং এই টাস্কফোর্স কমিটির মাধ্যমে সব সমস্যার সমাধান করে আগামী ৩০ দিনের মেধ্য ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে কক্সবাজারের চকরিয়ার চিংড়ি জোনের নিরাপত্তার জন্য নতুন একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় জাতীয় চিংড়িমহাল কমিটির সদস্য মামুনুল করিম অভিযোগ করেন, গত বিএনপি সরকারের আমলে চকরিয়ার চিংড়িমহালগুলো সাবেক এক প্রতিমন্ত্রীর আত্মীয়স্বজন ও নেতারা নিয়মনীতির তোয়াক্কা না করে দখলে নেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চিংড়িমহালগুলো বাতিলের জন্য ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। এ জন্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
মামুনুল করিমের বক্তব্য শোনার পর ভূমি প্রতিমন্ত্রী বলেন, আগের জেলা প্রশাসকের কর্মকাণ্ড নিয়ে তিনিও ক্ষুব্ধ। তিনি (সাবেক ডিসি) ভূমি মন্ত্রণালয়ের অনেক ক্ষতি করেছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে বলা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম।
সাংসদ মোহাম্মদ ইলিয়াছ বলেন, চকরিয়ায় বিএনপি সরকারের আমলের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্ত্রীর নামে ১০০ একর চিংড়ি জমি ইজারা দেওয়া হয়। এসব জমি উদ্ধারে ব্যবস্থা নেওয়া জরুরি।
সাংসদ মোহাম্মদ ইলিয়াছ বলেন, চিংড়ি খাতে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তবে এখন চিংড়িঘের এলাকায় ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। ডাকাতের নির্যাতন থেকে চিংড়িচাষিদের রক্ষা করতে চকরিয়ার চিংড়ি জোনে পুলিশ ফাঁড়ি স্থাপন করা জরুরি।
রেজাউল করিম বলেন, সরকারের উদাসীনতার কারণে চকরিয়ার চিংড়ি জোন অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। এই দখল কর্মকাণ্ডে দলীয় লোকজনও জড়িত। নীরব চাঁদাবাজি চলে চিংড়িঘেরগুলোতে। চাঁদা দিয়েই চিংড়ি চাষ করতে হচ্ছে। এ অবস্থার অবসান চান তিনি।
সভা শেষে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, চিংড়ি চাষের জন্য ১০ একর জমি ইজারা নিয়ে যাঁরা এত দিন ৫০ থেকে ১০০ একর পর্যন্ত জমি ভোগদখল করেছেন, তাঁদের দ্রুত উচ্ছেদ করা হবে। যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি ১০০ একরের বেশি জমি ইজারা নিয়ে নবায়ন করেননি, সেসব জমির ইজারাও বাতিল করা হবে। এসব জমি প্রকৃত চাষিদের মধ্যে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।