চিংড়ি নীতিমালার খসড়া চূড়ান্ত
চিংড়ি উৎপাদন ও রপ্তানির জন্য চিংড়ি নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এ খসড়াটি প্রণয়ন করেছে। এখন এটি আইন মন্ত্রণালয়ে আইনী পরিভাষা সংযোজন ও মন্ত্রীসভায় উত্থাপনের অপেক্ষায় আছে। অন্যতম প্রধান রপ্তানিপণ্য হলেও দেশে এই প্রথম চিংড়ি নীতিমালা করা হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১০ উপলক্ষে গতকাল মঙ্গলবার মৎস্য ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এ কথা জানিয়েছেন। মন্ত্রী এসময় বলেন, একটি জীবাণু ধরা পড়ার কারণে গত তিন মাস চিংড়ি রপ্তানি বন্ধ আছে। এটি সমাধান করেই আবার রপ্তানি শুরু হবে। তিনি বলেন, ‘এজন্যই নীতিমালা করা হচ্ছে। এর আগে চিংড়ির জন্য দেশে কোনো নীতিমালা ছিলনা।’বৈদেশিক মুদ্রা অর্জনে চিংড়ি ও মৎস্যজাত পণ্যের অবস্থান এখন দ্বিতীয় বলে মন্ত্রী জানান। তিনি বলেন, হিমায়িত চিংড়ি রপ্তানি করে ২০০৮-০৯ সালে বৈদেশিক মুদ্রায় ২ হাজার ৭৪৪ কোটি টাকা আয় হয়েছে। ২০০৮-২০০৯ সালে চিংড়ির উৎপাদন ২০০১-২০০২ সালের চেয়ে ১ দশমিক ৪৫ লাখ মেট্রিক টন বেড়েছে বলেও জানান আবদুল লতিফ বিশ্বাস।মন্ত্রী বলেন, বাগেরহাটে চিংড়ি গবেষণা কেন্দ্র করা হয়েছে। সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। অচিরেই চিংড়ির সমস্যা সমাধান করে এই খাতে রপ্তানি আরও বাড়ানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অব্যাহত জাটকা নিধন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘কারেন্ট জালের কারণে জাটকা নিধন বন্ধের কার্যক্রম সফল হচ্ছেনা। জাটকা নিধন বন্ধের জন্য জেলেদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। জেলেরা আমাদের চাল খাচ্ছে। তারপরেও জাটকা ধরছে।’সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সারা দেশে মৎস্য চাষের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া মঙ্গা ও আইলাদুর্গত এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেইরি ফার্মে অনিয়ম: সাভার ডেইরি ফার্মের গরুর জন্য ৪০০ বস্তা পচা গোখাদ্য (ভেজা পচে যাওয়া ভুট্টা) কেনার দায়ে ফার্মের চার কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার রাতে খবর পেয়ে মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ফার্মে গিয়ে উপস্থিত হন এবং হাতে-নাতে তাদের ধরেন। মন্ত্রী দোষীদের ওই রাতেই বরখাস্ত করেছেন। গতকাল সংবাদ সম্মেলনে মন্ত্রী নিজেই বিষয়টি জানান।