চিংড়ি পোনা আহরণে মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা থাকলেও কক্সবাজারের টেকনাফের অনেক জেলে তা মানছেন না। উপজেলার উপকূলজুড়ে মশারি জাল দিয়ে চিংড়ি পোনা ধরা হচ্ছে। এতে চিংড়ির পাশাপাশি কয়েক শ জাতের সামুদ্রিক প্রাণীর পোনা মারা পড়ছে। নষ্ট হচ্ছে বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য।
টেকনাফের মৎস্য কর্মকর্তারা বলছেন, ২০০১ সালে মৎস্য পোনা আহরণ আইন অনুযায়ী সমুদ্র উপকূল থেকে চিংড়ি পোনা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। গত ২০ জুন অভিযান চালিয়ে ৩০টি মশারি জাল ধ্বংস করে মৎস্য বিভাগ। তবে এরপরও মশারি জাল ব্যবহার করে পোনা আহরণ বন্ধ হয়নি।
গত শনিবার টেকনাফ উপজেলা সদর থেকে শামলাপুর পর্যন্ত ৫৮ কিলোমিটার এলাকা ঘুরে উপকূলজুড়ে মশারি জাল পেতে রাখতে দেখা গেছে। সমুদ্রসৈকতের কোমর থেকে হাঁটু সমান জোয়ারের পানিতে মশারি জাল খুঁটি দিয়ে পুঁতে রেখে চিংড়ির পোনা ধরছিলেন জেলেরা।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী বলেন, সাগর থেকে জেলেরা বাগদা চিংড়ির পোনা সংগ্রহ করেন। এমন একটি চিংড়ি পোনা সংগ্রহ করতে গিয়ে প্রায় ৪৬২টি প্রজাতির মাছের পোনা নষ্ট হচ্ছে। এতে বঙ্গোপসাগরের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের পোনা আহরণকারী নজির হোসেন (৪০) বলেন, উপকূলীয় এলাকায় জোয়ারের সময় প্রতিটি জালে ২০০-৩০০ চিংড়ি পোনা ধরা পড়ে। প্রতিটি পোনা গড়ে ২০ থেকে ৪০ পয়সায় বিক্রি করা হয় পাইকারদের কাছে।
কয়েকজন পোনা ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, হ্যাচারির পোনার তুলনায় নদী ও সাগর থেকে আহরিত পোনা চিংড়িঘেরে ছাড়লে তাতে উৎপাদন অনেক বেশি হয়। এ কারণেই সাগরের বাগদা চিংড়ির পোনা আহরণ করার জন্য গরিব মানুষকে লাখ লাখ টাকা দাদন দিচ্ছেন অনেক ব্যবসায়ী।
চিংড়ি পোনা আহরণ বন্ধ না হওয়ার জন্য মৎস্য বিভাগকে দায়ী করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম। তিনি প্রথম আলোকে বলেন, একটি চিংড়ি পোনার জন্য বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের পোনা মেরে ফেলা হচ্ছে। জেলেদের মধ্যে সচেতনতার অভাবে এসব হচ্ছে। এর জন্য দায়ী মৎস্য বিভাগ। সাগরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়লেও তাঁরা জেলেদের বিষয়টি বোঝাতে সক্ষম হননি।
তবে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এমরান হোসেন চৌধুরী এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, চিংড়ির পোনা আহরণ মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পোনা নিধন বন্ধ করার জন্য উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মাইকিং করা হয়েছে। কিছুদিন আগে অভিযান চালিয়ে ৩০টির মতো জাল জব্দ করে পোড়ানো হয়েছে। কয়েক দিনের মধ্যে পুরো সমুদ্রসৈকত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।