কক্সবাজার থেকে খুলনায় তিন দিন ধরে কার্গো বিমান চলাচল বন্ধ থাকায় চিংড়ি পোনা সরবরাহ নিয়ে বিপাকে পড়েছে ৫৪টি হ্যাচারি মালিক কর্তৃপক্ষ। সড়কপথে ট্রাকে পরিবহন করতে গিয়ে বিলম্ব ও অক্সিজেন সংকটের কারণে মারা যাচ্ছে কোটি কোটি পোনা। এতে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে চিংড়ি চাষ ব্যাহত হচ্ছে। হ্যাচারি মালিকদের সূত্রে জানা গেছে, কক্সবাজারের কলাতলী, ইনানী, সোনারপাড়া ও টেকনাফ সমুদ্র উপকূলে স্থাপিত ৫৪টি হ্যাচারিতে উৎপাদিত প্রায় এক হাজার কোটি পোনা দিয়ে দেশের দেড় লাখ হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়ে আসছে। হ্যাচারি মালিকদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) জানায়, ৫৪টি হ্যাচারিতে উৎপাদিত এক হাজার কোটি চিংড়ি পোনা পরিবহনের জন্য গত বছর কার্গো বিমান ছিল সাতটি। কিন্তু চলতি বছরের শুরুতেই কার্গো বিমান কমিয়ে একটিতে নিয়ে আসা হয়। সেব-এর মহাসচিব রইচ উদ্দিন জানান, গত আড়াই মাসে কার্গো বিমান সংকটের কারণে ঝুঁকি নিয়ে ট্রাকে পোনা সরবরাহ করতে গিয়ে মালিকদের অন্তত ৮০ কোটি টাকা লোকসান হয়েছে। তিন দিন ধরে একমাত্র কার্গো বিমানটিও অচল। এতে পোনা সরবরাহে জটিলতার সৃষ্টি হয়েছে। হ্যাচারি মালিক মোহাম্মদ নজিবুল ইসলাম জানান, কক্সবাজার থেকে কার্গো বিমানে দেড় ঘণ্টায় খুলনায় পোনা সরবরাহ নিশ্চিত করা গেলেও সড়কপথে ট্রাকে সময় লাগছে ২৪ ঘণ্টারও বেশি। ফলে অতি বিলম্ব ও অক্সিজেন সংকটে পড়ে ৬০ শতাংশ পোনা পথেই মারা যাচ্ছে। অবশিষ্ট পোনাও দুর্বল হয়ে পড়ছে। এই দুর্বল পোনা চাষাবাদে অনীহা প্রকাশ করছেন অনেকে। হ্যাচারি মালিকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২ মার্চ বেসামরিক বিমান চলাচলমন্ত্রী ফারুক খান কক্সবাজার সফরে এলে তাঁরা (হ্যাচারি মালিকেরা) চাহিদামতো কার্গো বিমান চালুর দাবি জানান। মন্ত্রী এ ব্যাপারে আশ্বাস দেন। কিন্তু তার বাস্তবায়ন দূরের কথা, এখন একমাত্র কার্গো বিমানটির চলাচলও বন্ধ রয়েছে। জানতে চাইলে ‘ইজি ফ্লাই এয়ারওয়েজ’র পরিচালক শওকত হোসেন জানান, কারিগরি সমস্যার কারণে কার্গো বিমানটি ১৩ মার্চ থেকে চলাচল বন্ধ রয়েছে। পুনরায় চালু হতে কয়েক দিন সময় লাগবে।প্রসঙ্গত, ২ মার্চ প্রথম আলোর বিশাল বাংলায় ‘অর্ধেক চিংড়ি পোনা ট্রাকেই শেষ, লোকসানে ১৫ হ্যাচারি বন্ধ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।