চিংড়ি রপ্তানির বাধা তুলে নিল ইইউ
বাংলাদেশ থেকে পাঠানো চিংড়ি রপ্তানির ক্ষেত্রে প্রতিটি চালানের জন্য আলাদা করে ‘পরীক্ষার’ বাধ্যবাধকতা তুলে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এক পর্যবেক্ষণ প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইউরোপীয় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। খবর ইউএনবির।
কমিশনের এ সিদ্ধান্তের ফলে কয়েক বছর পর বাংলাদেশের চিংড়ির সবচেয়ে বড় বাজার ইউরোপে চিংড়ি এবং এ জাতীয় হিমায়িত পণ্য রপ্তানির পথ অনেক সহজ হলো।
বাংলাদেশের চিংড়িতে রাসায়নিক পদার্থ নাইট্রোফুরানের ক্ষতিকর মাত্রায় উপস্থিতি পাওয়ার পর থেকে তা নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিল ইইউ। একপর্যায়ে ২০০৮ সালে বাংলাদেশ থেকে হিমায়িত চিংড়ি রপ্তানির ওপর ‘জরুরি নিষেধাজ্ঞা’ আরোপ করে ইইউ। কিছুদিন পর এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ‘বিশেষ পরীক্ষার’ ব্যবস্থা করা হয়। এরপর থেকে প্রতিটি চালানের জন্য আলাদা স্বাস্থ্য সনদ দিতে হতো, যা রপ্তানির ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল ইউরোপে চিংড়ি রপ্তানির ক্ষেত্রে।