চিংড়িঘেরে পানি ঢোকাতে গিয়ে বাঁধের সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুরমুজখালী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ কেটে ও ছিদ্র করে চিংড়িঘেরের মালিকেরা লবণপানি ভেতরে ঢোকাচ্ছেন। পানি ঢোকানোর জন্য তাঁরা বাঁধের বিভিন্ন অংশে কাঠের গেট নির্মাণ করেছেন এবং পাইপ বসিয়েছেন। এতে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে ওই এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুরমুজখালী ক্যাম্পসহ ১০টি গ্রাম হুমকির মুখে পড়েছে। লবণপানি ঢোকানোর কারণে ছয়টি গ্রামে খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, দুরমুজখালী ক্যাম্পের পাউবোর বিভাগ-১-এর ৫ নম্বর পোল্ডারের বিভিন্ন অংশের বাঁধ কেটে ও ছিদ্র করে কয়েকজন মালিক কালিন্দী নদী থেকে লবণপানি চিংড়িঘেরে ঢোকাচ্ছেন। এসব এলাকায় নির্মিত পাউবোর স্লুইসগেট দিয়ে দিনে নির্দিষ্ট সময়ে পানি ওঠানো ও নামানো হয়। এই পানি দিয়ে চিংড়িঘেরে পানির চাহিদা পূরণ হয় না। এ কারণে দীর্ঘদিন ধরে ঘেরমালিকেরা উপকূল রক্ষা বাঁধের যত্রতত্র কেটে কিংবা ছিদ্র করে পানি ওঠাচ্ছেন। বাঁধের এ অংশের কমপক্ষে ৫৫টি স্থান ছিদ্র করে পাইপ দিয়ে এবং ছয়টি স্থানে কাঠ দিয়ে স্লুইসগেট তৈরি করে পানি ওঠানো হচ্ছে। এতে বাঁধের ১০-১২টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে নেকাটি, কাটামাড়ি, জয়াখালী ও কৈখালী এলাকায় বাঁধ বিলীন হয়ে যাচ্ছে। এভাবে পানি ওঠানো বন্ধ না করলে ভাঙনে বিজিবির ক্যাম্পসহ কয়েক শ একর জমি নদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। দুরমুজখালী গ্রামের মো. বাবুরালী, আহম্মদ আলী গাজী ও রামচন্দ্রপুরের অশ্বিনী মণ্ডল জানান, এলাকার ছয়টি গ্রামের মানুষ দুরমুজখালী বিজিবি ক্যাম্পের পুকুরের পানি খাওয়ার পানি হিসেবে ব্যবহার করে। কিন্তু যত্রতত্র বাঁধ কেটে লবণপানি তোলায় পুকুরটির পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এলাকায় খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয় খলিলুর রহমান, ছয়েদ আলী ও তারক মণ্ডল জানান, দুরমুজখালী গ্রামের কৃষ্ণপদ মণ্ডল, যোগেশ মণ্ডল, কুলপোতার আজিজ বাউলিয়া, মাসুদ পাড়, বক্কর গাজী, হাফিজুর রহমান, বিরেশ্বর বিশ্বাসসহ অর্ধশতাধিক চিংড়িচাষি ও ঘেরমালিক অবৈধভাবে পানি তুলছেন। তাঁরা নিজেদের ঘেরের পাশাপাশি স্থানীয় আরও অনেকের ঘেরে পানি সরবরাহ করছেন। এখনই উদ্যোগ না নিলে জলোচ্ছ্বাসে এসব বাঁধ ভেঙে নূরনগর ও কৈখালী ইউনিয়নের দুরমুজখালী, রামচন্দ্রপুর, গোনা, শিবচন্দ্রপুর, মেহেন্দীনগর, খোশালপুর, গাড়াখালী, নৈকাটিসহ ১০টি গ্রাম প্লাবিত হবে।বিজিবি-৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনিছুজ্জামান জানান, বাঁধ কেটে পানি ঢোকানোর বিষয়টি তাঁরা পাউবোর কর্মকর্তাদের জানিয়েছেন। তবে পাউবো এই অপতৎপরতা বন্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি। চিংড়িঘেরের মালিক কৃষ্ণপদ মণ্ডল বলেন, চিংড়িঘেরে পানি ঢোকানোর জন্য তাঁরা পাউবোর অনুমতি নিয়েছেন। তিনি নিজের ৭৫ বিঘা জমির পাশাপাশি প্রায় দুই হাজার বিঘা জমিতে পানি সরবরাহ করার কথা স্বীকার করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আলমগীর বলেন, এ বছর কোটি কোটি টাকা ব্যয়ে জমি চিংড়িচাষের উপযোগী করা হয়েছে। এ অবস্থায় পানি ওঠানো বন্ধ করে দিলে চাষিদের ক্ষতির সীমা থাকবে না। তবে খাবার পানির পুকুরগুলোর পাশের চিংড়িঘেরগুলো বন্ধ করে দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। পাউবোর ৫ নম্বর পোল্ডারের দায়িত্বপ্রাপ্ত শাখা কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, বাঁধ কেটে ও ছিদ্র করে অবৈধভাবে গেট নির্মাণ করে পানি তোলার অভিযোগে ২৩ এপ্রিল কৃষ্ণপদ মণ্ডল ও যোগেশ মণ্ডলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। দুরমুজখালী এলাকায় বাঁধ কেটে যাঁরা পানি ঢোকাচ্ছেন, অবিলম্বে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।