চিংড়িঘেরে মড়ক, চিন্তিত চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় চিংড়িমাছের অধিকাংশ ঘেরে মড়ক দেখা দিয়েছে। ভাইরাসের আক্রমণ, বৈরী আবহাওয়াসহ নানা কারণে গত জুলাই মাস থেকে এ সমস্যা দেখা দিয়েছে। এতে বেশি দামে মাছ বিক্রি করতে না পারায় চিংড়িচাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই কারণে চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না বলে মৎস্য বিভাগের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় চলতি মৌসুমে ৫৮ হাজার ৬৭০ হেক্টর জমিতে থাকা ৩৩ হাজার ২৫১টি ঘেরে বাগদা চিংড়ির পোনা ছাড়া হয়েছে। চলতি বছর ১৮ হাজার ৯৫৪ মেট্রিক টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ঘেরগুলোতে মড়ক লাগায় এ লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।আশাশুনি উপজেলার পুইজ্বালা এলাকার চিংড়িচাষি আবদুল আজিজ জানান, তিনি ৬০ বিঘা জমি নিয়ে করা একটি ঘেরে চিংড়িমাছের পোনা ছেড়েছেন। সব মিলিয়ে তাঁর সাত লাখ টাকা খরচ হয়েছে। মৌসুমের প্রথমদিকে ঘেরে কিছু চিংড়ি উৎপাদন হলেও জুন মাসের মাঝামাঝি থেকে ঘেরে মড়ক দেখা দেয়। বর্তমানে তাঁর ঘেরে চিংড়িমাছ নেই। সারা বছরে তিনি দুই লাখ টাকার চিংড়িও বিক্রি করতে পারেননি।পুইজ্বালা এলাকার নজরুল ইসলাম চিংড়ি চাষ করেছেন ৪০০ বিঘা জমিতে। শ্রীউল্যা গ্রামের আ. ছাত্তার গাজী চিংড়ি চাষ করেছে ৫০০ বিঘা জমিতে। একই এলাকার রহুল কদ্দুস চিংড়ি চাষ করেছেন ৫০ বিঘা জমিতে। তাঁরা জানান, ঘেরে বিনিয়োগ করা টাকার অর্ধেক টাকাও উঠবে না।চিংড়িচাষিরা জানান, আইলায় গত বছর ঘের ভেসে যাওয়ায় চলতি মৌসুমে আগে-ভাগে জমি প্রস্তুত করে চাষ শুরু করেন। কিন্তু ঘেরে চিংড়ি পোনা ছাড়ার পর দুই মাস পরই মরে যাচ্ছে। প্রথমে চিংড়িঘেরের পাশে আসছে। পরে গায়ের রং লাল হয়ে মরে যাচ্ছে। আবার কোনো কোনো ঘেরের চিংড়িমাছের মাথায় সাদা দাগ দেখা যাচ্ছে। নানা রকম ওষুধ প্রয়োগ করেও মড়ক ঠেকানো যাচ্ছে না। সাতক্ষীরা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, ঘেরে ভাইরাস আক্রমণের কারণে চাষিরা চিংড়ি পাচ্ছেন না।জেলা মৎস্য কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস জানান, ভাইরাসযুক্ত চিংড়ির পোনা চাষের পাশাপাশি বৈরী আবহাওয়া এবং খাদ্যসংকটে চিংড়িতে মড়ক দেখা দিয়েছে। তিনি জানান, গত জুন মাস পর্যন্ত চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রার ৫৪ দশমিক ৬৫ শতাংশ অর্জিত হয়। মড়ক দেখা দেওয়ায় সব মিলিয়ে লক্ষ্যমাত্রার ৮০-৮৫ শতাংশের বেশি অজির্ত হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।