চিংড়িঘেরে লুটপাট, চার কর্মচারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার ১০০ একর আয়তনের একটি চিংড়িঘেরে গত শনিবার রাত ১০টার দিকে লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী।
এ সময় তাদের মারধরে ঘেরের চার কর্মচারী আহত হয়েছেন। সন্ত্রাসীরা মাছ, জালসহ অন্তত আড়াই লাখ টাকার মালামাল লুট করেছে। আহত কর্মচারীরা হলেন: আবুল কাশেম (৪০), সালাউদ্দিন (৩০), নাছির উদ্দিন (৪২) ও পুতু মিয়া (৪৪)।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবুল কাশেম বলেন, স্থানীয় চোয়ারফাঁড়ি এলাকার নাজেম উদ্দিনের মালিকানাধীন ১০০ একর আয়তনের একটি চিংড়িঘেরে তাঁরা চারজন কর্মচারী রাতে পাহারা দিচ্ছিলেন। রাত ১০টার দিকে সাত-আটজন মুখোশপরা সন্ত্রাসী চিংড়িঘেরে হানা দিয়ে পর পর ছয়টি ফাঁকা গুলি করে। এ সময় তাঁদের মারধর করে মাছ, জালসহ মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, চিংড়ি প্রকল্পে ডাকাতি বা লুটপাটের ঘটনা তিনি জানেন না। এ বিষয়ে তাঁকে কেউ অভিযোগ করেননি।
চিংড়িঘেরের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শাহারবিল ইউনিয়নের চিংড়িঘেরগুলো অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে অস্ত্রধারী ডাকাত ও সন্ত্রাসীদের অবাধ বিচরণ রয়েছে। চিংড়িঘেরের মালিক বা কর্মচারীকে তাদের কথামতো চলতে হয়। নিয়মিত চাঁদা ও মাসোয়ারাও দিতে হয়। অন্যথায় চিংড়িঘেরে ব্যাপক লুটপাট চালায় তারা। সেখানে রাতে কোনো সময় পুলিশ যায় না। এ কারণে চিংড়িঘের মালিক বা কর্মচারীরা পুলিশের আশ্রয় নেন না।