চিংড়িঘেরের তত্ত্বাবধায়ককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপের একটি চিংড়িঘেরের তত্ত্বাবধায়ককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত রোববার দিবাগত রাত দুইটায় এ ঘটনা ঘটে।গতকাল সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তি হলেন উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের মৃত তাজর মুল্লুকের ছেলে নুরুল আমিন (৩২)।নুরুল আমিন তাঁর স্ত্রীর বড় ভাই সাইফুল ইসলামের মালিকানাধীন চরণদ্বীপ এলাকার একটি চিংড়িঘেরে তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের ভাষ্যমতে, ঘটনার দিন রাতে নুরুল আমিনের সঙ্গে তাঁর ভাতিজা জামাল হোসেন চিংড়িঘেরের টং ঘরে ঘুমিয়ে ছিলেন। জামাল হোসেনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাত দুইটার দিকে পাঁচ-ছয়জন অস্ত্রধারী সন্ত্রাসী চিংড়িঘেরে হানা দিয়ে নুরুল আমিনের ডান পায়ের ঊরুতে একটি গুলি করে এবং তাঁকে (জামাল হোসেন) মারধর করে চলে যায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, চরণদ্বীপ এলাকাটি দুর্গম হওয়ায় নৌকা নিয়ে গুলিবিদ্ধ নুরুল আমিনকে চকরিয়া হাসপাতালে আনার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু ঘটে। অপর দিকে নিহতের চাচাতো ভাই আহমেদ কবির বলেন, নুরুল আমিনকে জায়গা-সংক্রান্ত বিরোধ নিয়ে হত্যা করা হতে পারে।তবে স্থানীয় চিংড়িঘেরের মালিকেরা জানিয়েছেন, সম্প্রতি চিংড়ি জোন খ্যাত রামপুর ও চরণদ্বীপ এলাকায় প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে। চিংড়িঘেরে নুরুল আমিনকে হত্যার ঘটনাটিও তারা ডাকাতির ঘটনা বলে মনে করছেন।