চিংড়িঘেরের নামে বনভূমি ইজারাদানের প্রমাণ পেয়েছে কমিটি
মন্ত্রিপরিষদ, ভূমি মন্ত্রণালয় ও বন মন্ত্রণালয়ের আপত্তি সত্ত্বেও চট্টগ্রাম ও কক্সবাজারে উপকূলীয় বনভূমি ইজারা দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি মাঠপর্যায়ের তদন্ত শেষ করেছে। তদন্তে চিংড়িঘেরের নামে বনভূমি ইজারা দেওয়ার সত্যতা পাওয়া গেছে। কমিটির প্রধান বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ হান্নানের নেতৃত্বে তদন্ত কমিটি গত মঙ্গলবার থেকে তিন দিন কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় বনভূমি ঘুরে দেখেন। মাঠপর্যায়ের তদন্ত শেষে কমিটির সদস্যসচিব বন ভবনের সহকারী প্রধান বনসংরক্ষক তারিকুল ইসলাম বলেন, ‘আমরা চট্টগ্রাম ও কক্সবাজারে চিংড়িঘেরের নামে বনভূমি ইজারা দেওয়ার প্রমাণ পেয়েছি।’সূত্র জানায়, কমিটির সদস্যরা গত মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁরা চিংড়িঘেরের নামে জেলা প্রশাসন থেকে বনাঞ্চল ইজারা দেওয়ার ঘটনার সত্যতা পান বলে জানা গেছে। বুধবার কমিটির সদস্যরা কক্সবাজারের মহেশখালীর ঘটিভাঙাসহ বিভিন্ন মৌজা ঘুরে দেখেন। পরে তাঁরা কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আপত্তি সত্ত্বেও কেন চিংড়িঘেরের জন্য বনভূমি ইজারা দেওয়া হলো, তা জানতে চাওয়া হয়। তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার কমিটির সদস্যরা চট্টগ্রাম ফিরে আসেন।প্রসঙ্গত, গত ৫ ও ৬ মে প্রথম আলোয় চট্টগ্রাম ও কক্সবাজারে ‘দুই হাজার ১১৪ একর বনাঞ্চল চিংড়ি চাষের জন্য ইজারা’ ও ‘সাড়ে ২৮ হাজার একর বনভূমি জবরদখল’ শীর্ষক দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত ৮ মে বন ও পরিবেশ মন্ত্রণালয় পাঁচ সদস্যের এ কমিটি গঠন করে।