খুলনা নগরের রূপসার মাথাভাঙা এলাকায় উন্মুক্ত পদ্ধতিতে চিংড়ি মাছের মাথা ও খোসা শুকানো হচ্ছে। এতে তীব্র গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ।
স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা বলেন, রূপসা নদীর পূর্ব পাশে মাথাভাঙা এলাকায় চিংড়ির খোসা ও মাথা শুকানোর জন্য গড়ে উঠেছে ছয়টি কারখানা। নগরের বিভিন্ন চিংড়ি প্রক্রিয়াজাত কারখানা ও রূপসা উপজেলার ছোট ছোট দোকান থেকে এসব মাথা ও খোসা সংগ্রহ করে এখানে আনা হয়। তারপর সকাল থেকে দুপুর পর্যন্ত এগুলো রোদে শুকানো হয়। পরে কারখানায় সেগুলো মোড়কজাত করা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পাকা চাতাল করে সেখানে খোসা ও মাথা শুকানো হচ্ছে। চারপাশে তীব্র গন্ধ। কয়েকজন পুরুষ ও নারী সেখানে কাজ করছেন। আবার অনেকে মাথা ও খোসা ড্রামে ভরে নৌকায় করে নিয়ে আসছেন।
এলাকাবাসীর অনেকে বলেন, এভাবে শুকানোর ফলে তীব্র গন্ধ ছড়িয়ে অসহনীয় পরিবেশ সৃষ্টি করছে। আশপাশের রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। গত ছয় বছর ধরে এ কাজ চললেও সাম্প্রতিক সময়ে এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে।
ওই কাজে নিয়োজিত মো. শহিদুল বলেন, ‘এই খোলা (খোসা) দিয়ে নানা রকম মাছের খাবার তৈরি হয়। আবার বিদেশেও যায়। সেহেনে নিয়ে কী করে তা জানি নে।’
নাম প্রকাশ না করার শর্তে এক কারখানা ব্যবস্থাপক বলেন, ‘আমাদের কাছে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। নদীর এই (পূর্ব) দিকে তেমন কোনো জনবসতি নেই বলে আমরা করেছি। একটু বেশি বাতাস হলে পাশের বাড়িঘরে যায়, তবে তা সব সময় নয়।’
নদীর পশ্চিম পাড়ের বাসিন্দা ও বেসরকারি ব্যাংক কর্মকর্তা আক্তার হোসেন বলেন, মাছের মাথা আর খোসা শুকানোর জন্য এলাকায় থাকা খুব কঠিন হয়ে পড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এগুলো শুকানোর কারণে রাস্তায় বের হওয়া যায় না। বের হলেই অস্বস্তি লাগে। আরেক বাসিন্দা নাছিমা বেগম বলেন, গন্ধের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন, এ ধরনের গন্ধের মধ্যে দীর্ঘদিন থাকলে শ্বাসকষ্ট, মাথা ঝিমঝিম, খাবারে অরুচির মতো রোগের সূত্রপাত হতে পারে।
খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মল্লিক আনোয়ার হোসেন বলেন, এটা শুধু পরিবেশ অধিদপ্তরের কাজ না। পরিবেশ নিয়ে কাজ করে এমন বিভিন্ন সংগঠনকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। তবেই এ সমস্যার সমাধান করা সম্ভব হবে।