চিংড়ির ভেতরে জেলি সাগু লোহা, র্যাবের আদালতে ৭ জনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলি, লোহা আর সাগু—ওজন বাড়াতে সিরিঞ্জ দিয়ে এসব ভরে দেওয়া হয়েছে বড় আকারের চিংড়ি মাছের ভেতরে। গতকাল মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কয়েকটি মাছের আড়ত থেকে এমন জেলি, লোহা ভরা ৫০০ কেজি চিংড়ি জব্দ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজন মাছ বিক্রেতার ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন পবিত্র কুমার (২১), মো. মাসুদ (২৮), মো. জাকির (৩৪), রাশেদ মোড়ল (৩০), জয়দেব নন্দী (২৭), মনিরুজ্জামান (২৯) ও মো. আজিজুল চৌকিদার (৩০)।
র্যাব কর্মকর্তারা বলেন, জব্দ করা চিংড়ির মূল্য প্রায় ৪ লাখ টাকা। প্রতি কেজি চিংড়ি ৮০০ টাকা দরে যাত্রাবাড়ীর আড়ত থেকে বিক্রি করা হয়। জব্দ করা চিংড়ি পরে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা নাজিম উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-২-এর উপপরিচালক দিদারুল আলম প্রথম আলোকে বলেন, গলদা, বাগদা প্রজাতির চিংড়ি দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গভীর রাতে ঢাকার বিভিন্ন আড়তে আনা হয়। এসব চিংড়ির দাম বেশি। ওজন বাড়িয়ে অতি মুনাফা করতে একশ্রেণির অসাধু মাছ বিক্রেতা সিরিঞ্জ দিয়ে চিংড়ির ভেতর জেলি, সাদা লোহা ভরে দেন।
র‌্যাব কর্মকর্তা বলেন, গভীর রাতে চিংড়ির চালান আসার পর এসব উপাদান ভরার কাজ চলে। কিন্তু র‌্যাব কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পারছিলেন না। এরপর গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভোরে অভিযান চালানো হয়। যাত্রাবাড়ীর বুড়িগঙ্গা মৎস্য আড়ত, আল্লাহর দান মৎস্য আড়ত, আলী মার্কেট মৎস্য আড়তে অভিযান চালানো হয়।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চিংড়িতে যেসব উপাদান মেশানো হয় তা খেলে মানুষের কিডনির রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সাতজনকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।