চিংড়িশ্রমিকদের মজুরিবঞ্চনা

সরকারি ঘোষণার পরও খুলনায় চিংড়ি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে নিয়োজিত বেশির ভাগ শ্রমিক ন্যূনতম মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদারের মাধ্যমে শর্ত সাপেক্ষে যেসব শ্রমিক কাজ করেন, তাঁদের অবস্থা আরও নাজুক।
গত বছরের ২৫ মে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চিংড়িশিল্পে নিয়োজিত শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করে। ওই ঘোষণা অনুযায়ী প্রথম গ্রেডের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ধরা হয় ৯ হাজার ৯ টাকা, দ্বিতীয় গ্রেডের শ্রমিকদের ৭ হাজার ২২৭ টাকা, তৃতীয় গ্রেডের শ্রমিকদের ৬ হাজার ৫৫২ টাকা, চতুর্থ গ্রেডের শ্রমিকদের ৫ হাজার ৮৭৭ টাকা, পঞ্চম গ্রেডের শ্রমিকদের ৫ হাজার ২০২ টাকা এবং ষষ্ঠ গ্রেডের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ধরা হয় ৪ হাজার ৪১৯ টাকা।
সরকারঘোষিত নীতিমালা অনুযায়ী, একজন শ্রমিক প্রথমে সর্বোচ্চ তিন মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে পারবেন। এ সময়ে তিনি কমপক্ষে সাড়ে তিন হাজার টাকা মজুরি পাবেন। তা ছাড়া শ্রমিক-কমচারীরা প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির সুবিধা পাবেন।
সরকারঘোষিত ন্যূনতম মজুরি নীতিমালা মেনে চলা হচ্ছে কি না, তা জানতে চিংড়ি শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা সোস্যাল অ্যাকটিভিটিজ ফর এনভায়রনমেন্ট (সেফ্) একটি জরিপ চালায়। গত বছরের অক্টোবরে খুলনার রূপসা অঞ্চলের ২২টি চিংড়ি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় নিয়োজিত ষষ্ঠ গ্রেডের শ্রমিকদের ওপর এ জরিপ করা হয়। জরিপ চলাকালে এসব কারখানার ১০২ জন স্থায়ী ও ১০০ জন ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত শ্রমিকের বক্তব্য লিপিবদ্ধ করা হয়।
জরিপে দেখা গেছে, এই ২২টি কারখানার মধ্যে মাত্র চারটি স্থায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরি পরিশোধ করে। কিন্তু ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত শ্রমিকদের ন্যূনতম মজুরি পরিশোধ করে না। বাকি ১৮টি কারখানা স্থায়ী ও অস্থায়ী কোনো শ্রমিককেই ন্যূনতম মজুরি দেয় না।
বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, খুলনায় চিংড়ি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা আছে ৫৮টি। এর মধ্যে চালু আছে ২৩টি। এসব কারখানায় সাত হাজারের বেশি শ্রমিক কাজ করেন। চিংড়ি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা সেফ্-এর মতে, ষাটের দশক থেকে এ পর্যন্ত সারা দেশে ১৪৮টি চিংড়ি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে ওঠে। এর অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। খুলনায় বিভিন্ন সময়ে ৫৬টি কারখানা প্রতিষ্ঠিত হলেও বর্তমানে চালু রয়েছে ৩২ থেকে ৩৫টি। এসব কারখানায় নিয়োজিত আছেন ২৫ হাজার শ্রমিক। তাঁদের ৮০ শতাংশই নারী।
১২ জন শ্রমিক (স্থায়ী ও অস্থায়ী) নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, চিংড়ি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় সাধারণত বরফঠান্ডা পানি নিয়ে ও হিমাগারে বসে কাজ করতে হয়। এর ফলে তাঁদের ঠান্ডাজনিত রোগ প্রায় লেগেই থাকে। কিছু কিছু কারখানায় সপ্তাহে এক দিন বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকলেও অধিকাংশ কারখানায় এ সুযোগ নেই। এসব শ্রমিক আরও বলেন, তাঁদের সরকারনির্ধারিত ন্যূনতম মজুরি দেওয়া হয় না। ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত শ্রমিকদের কাজের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা হয়। এসব শ্রমিক কারখানার অন্যান্য সুযোগ থেকেও বঞ্চিত। পেটের দায়ে তাঁরা সব মুখ বুজে সহ্য করেন। ন্যূনতম মজুরির দাবি প্রকাশ্যে তোলেন না। কারণ, মালিকের ইচ্ছামাফিক যেকোনো সময় যে কারও চাকরি চলে যেতে পারে।
চিংড়ি শিল্প শ্রমিক স্বার্থ সংরক্ষণ সমন্বয় কমিটির আহ্বায়ক বি এম জাফর বলেন, চিংড়িশ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য আটটি প্রতিষ্ঠানে শ্রমিক সংগঠন করে দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো শুধু কাগজে-কলমে। মালিকদের ভয়ে শ্রমিকেরা কোনো কথা বলার সাহস পান না। এমনকি শ্রমিক-প্রতিনিধি নির্বাচন করায় মিথ্যা অজুহাতে একজনের চাকরি চলে যায়।
বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের খুলনা শাখার সহসভাপতি শেখ আবদুল বাকি বলেন, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এসব প্রতিষ্ঠান হয়তো নানা কারণে শ্রমিকদের বেতন দিতে পারছে না। কিন্তু যেগুলো চালু আছে, তারা সবাই শ্রমিকদের নিয়মিত ও নিয়মানুযায়ী বেতন দিচ্ছে। অনেক কোম্পানি বরং বেশি বেতন দেয়।
এ ব্যাপারে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপমহাব্যবস্থাপক মহর আলী মোল্লা প্রথম আলোকে বলেন, ‘ন্যূনতম মজুরি নীতিমালা বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিয়মিত নজরদারিতে রাখা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান এই নীতিমালা পরিপালন না করে, তা হলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’