চিংড়োর কষ্ট সয় না জুমচাষি মা-বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে মায়ের সঙ্গে চিংড়ো
হাসপাতালে মায়ের সঙ্গে চিংড়ো

চিংড়োর বয়স এক বছর। কন্যাশিশুটির এক চোখ, নাক ও ঠোঁটের ওপরজুড়ে বেশ খানিকটা জায়গায় পানিভর্তি থলির মতো একটি জিনিস। চিংড়োর মা পাইন পাও ম্রো একটু পরপর কালচে হয়ে যাওয়া থলথলে জিনিসটি হাত দিয়ে ধরে রাখছেন, যাতে তা গলে না যায় এবং কোনো দিকে গড়িয়ে না পড়ে। চিংড়োর জন্মের সময়ই ছিল এ থলি, তবে তখন তা ছোট ছিল। এখন দিন যত যাচ্ছে, তা পুরো মুখের ওপরে ছড়িয়ে পড়ছে।
আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে একটি কেবিনে এই চিত্র দেখা যায়। চিংড়োর মা চিংড়োকে তাঁর বুকের সঙ্গে একটি কাপড় দিয়ে বেঁধে রেখেছেন। চিংড়োর মা পাইন পাও ম্রো ও বাবা সিংরাও ম্রো জুমচাষি। তাঁরা এসেছেন বান্দরবান সদরের টংগাবতী ইউনিয়নের বাগানবাড়া, ১৬ মাইল এলাকা থেকে। মা বাংলায় কথা বলতে পারেন না। বুঝতেও পারেন না। বাবা বাংলায় কথা বলতে পারেন। তিন সন্তানের মধ্যে চিংড়ো সবার ছোট। চিংড়ো মায়ের বুকের দুধ ছাড়া আর কিছু খেতে চায় না বা খেতে পারে না। শরীরটা একটু ভালো লাগলে এক চোখ দিয়েই একটু তাকায়। ঠোঁটের কোনায় হাসি দেখা যায়। খেলতেও চায়।

এই পরিবারটির ঢাকা পর্যন্ত পৌঁছানোর গল্পটা বললেন বান্দরবানের থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংসার ম্রো। তিনি এই পরিবারের কিছু হন না, তারপরও নিজের সব কাজ ফেলে পরিবারটিকে ঢাকায় নিয়ে এসেছেন। থাকছেন হাসপাতালে। পরিবারটি ভরসা করে মাংসার ম্রোর কাছে যায় আর্থিক সাহায্যের জন্য। চলতি মাসের শুরুর দিকের ঘটনা। মাংসার ম্রো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিংড়োর ছবি পোস্ট করেন। তারপর সমাজের বিভিন্ন ব্যক্তি চিংড়োকে সহায়তা করার জন্য এগিয়ে আসেন। ফেসবুকের পোস্টের কথা জানতে পারেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৫ মে মন্ত্রী সরাসরি টেলিফোন করেন মাংসার কাছে। তারপর মন্ত্রীর উদ্যোগেই পরিবারটিকে ঢাকায় আনা হয়। গতকাল শনিবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিংড়োকে হাসপাতালে দেখতে যান। তার চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
বার্ন ইউনিটের চিকিৎসকদের ভাষায়, চিংড়োর অসুখের নামটি হলো মেনিনগোছেলে (meningocele)। জন্মগতভাবে মস্তিষ্ক ও মাথার হাড়ের বিকৃতির কারণে এটা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, এই শিশুর চিকিৎসায় প্লাস্টিক সার্জন, শিশুবিশেষজ্ঞ থেকে শুরু করে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিশুটির জন্য ছয় সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এখন তার নানান পরীক্ষা–নিরীক্ষা চলছে।
সামন্ত লাল সেন জানালেন, হাসপাতালে শিশু ও তার পরিবারের থাকা এবং চিকিৎসা—সবই বিনা মূল্যে করা হচ্ছে। দেশেই অস্ত্রোপচার করে চিংড়োকে সুস্থ করে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদী।