চিংড়োর মায়ের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিংড়োর মা পাইন পাও ম্রো। ম্রো নৃ-গোষ্ঠীর এই নারীর বাংলা অতটা সড়গড় না। তাঁর মেয়ে চিংড়োর টিউমারের সফল অপারেশনের পর তাঁর মুখে হাসি ফুটেছে। তিনি গণমাধ্যমের কর্মীদের সামনে বাংলায় বলেছেন ‘খুশি’।
গতকাল পর্যন্ত মেয়েটির একটি চোখ, নাক ও ঠোঁটের ওপরের অংশজুড়ে ছিল পানিভর্তি থলির মতো টিউমার। এর আকার ছিল তার মাথার সমান। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে অপারেশনে টিউমারটি ফেলে দেওয়া হয়।
চিংড়োর বয়স এক বছর। চিংড়োর মা পাইন পাও ম্রো ও বাবা সিংরাও ম্রো জুমচাষি। তাঁরা এসেছেন বান্দরবান সদরের টংগাবতী ইউনিয়নের বাগানবাড়া, ষোলো মাইল এলাকা থেকে। মা বাংলায় কথা বলতে পারেন না। বুঝতেও পারেন না। তবে শিশুটির বাবা বাংলা বোঝেন।
তিন সন্তানের মধ্যে চিংড়ো সবার ছোট। চিংড়োর বাবা সিংরাও ম্রো বলেন, চিংড়ো তাঁর তৃতীয় সন্তান। বড় ছেলে ও মেজো মেয়ের এই সমস্যা নেই। চিংড়ো জন্মানোর সময় টিউমারটি ছোট ছিল। আস্তে আস্তে তা বড় হয়ে যায়।
সিংরাও ম্রো প্রথম আলোকে বলেন, ‘চিংড়ো আগে কিছু খেতে পারত না। অপারেশনের পর হালকা খাবার, নরম ভাত খেতে পারতেছে। ডাক্তাররা বলেছে, চিংড়ো আরও ভালো হয়ে যাবে। তিন-চার বছর পর নাকে হয়তো একটা অপারেশন লাগতে পারে।’
চিংড়ো ও তার পরিবারের থাকা এবং চিকিৎসা সবই বিনা মূল্যে করে দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বার্ন ইউনিটের চিকিৎসকদের ভাষায়, চিংড়োর অসুখের নামটি হলো মেনিনগোছেলে। জন্মগতভাবে মস্তিষ্ক ও মাথার হাড়ের বিকৃতির কারণে এটা হয়েছে। শিশুটির জন্য আট সদস্যবিশিষ্ট অধ্যাপকসহ প্লাস্টিক সার্জন ও শিশুবিশেষজ্ঞের উচ্চপর্যায়ের একটি মেডিকেল টিমের সম্মিলিত প্রচেষ্টায় অপারেশনটি সম্পন্ন হয়।